২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের উদ্বেগের কারণ বাংলাদেশের স্পিনাররা

সফররত জিম্বাবুয়ে ক্রিকেট দলের অধিনায়ক প্রসপার উৎসেয়া শুক্রবার বলেছেন, বাংলাদেশের স্পিন বলের বৈচিত্র্য জিম্বাবুয়ে দলের মাথাব্যথার কারণ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2006, 11:18 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

রাজধানীর একটি হোটেলে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি বলব না যে আবহাওয়া কোনও সমস্যা হবে। আমাদের অনেকেই এটা আগে থেকে জানে এবং এ ব্যাপারে তারা অভ্যস্থও। গত মাসে আমরা ভারতে ছিলাম। ভারতের আবহাওয়া তো এখানকার মতোই।”

২১ বছর বয়সী উৎসেয়া বলেন, “একটা বিষয়েই আমরা উদ্বিগ্ন। সেটা হচ্ছে বাংলাদেশের কয়েকজন স্পিনারকে নিয়ে।”

আফ্রিকার এই ক্রিকেট দল বৃহস্পতিবার রাতে বাংলাদেশে পৌঁছে। দলটি বাংলাদেশে পাঁচটি ওয়ান ডে এবং একটি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলবে।

দলের অধিনায়ক বলেন, “নিশ্চয়ই, আমরা ভালো খেলার আশায় আছি। আমরা যেমন খেলি তেমনই খেলতে চাই।”

তিনি বলেন, “পাঁচটি ম্যাচেই যে আমরা জিততে এসেছি, সেটা কি আর আগে থেকে বলা যায়?”

বাংলাদেশের ব্যাপারে জিম্বাবুয়ে দলের কোচ কেভিন কারানের ধারণা বেশ উঁচু। তিনি বলেন, “খুবই প্রতিযোগিতামূলক দল এবং তারা ক্রমেই আরও ভালো করছে।”

কেভিন অবশ্য আশাবাদী যে, উপমহাদেশের আবহাওয়ায় সহজেই খাপ খাইয়ে নিতে পারবে তার ছেলেরা। তিনি বলেন, “সিরিজ শুরু করার আগে আমরা একটি প্রস্তুতি ম্যাচ এবং একটি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলব। এগুলো আমাদের এ আবহাওয়ায় খাপ খাইয়ে নিতে সাহায্য করবে।”

কেভিন বাংলাদেশের সাথে তাদের আগের খেলাগুলোর মূল্যায়ন করে বলেন, “বাংলাদেশের বিরুদ্ধে আমরা অনেকবার খেলেছি। খেলায় তো ভালো-মন্দ থাকবেই। ভারতে বাংলাদেশ দলের বিরুদ্ধে আমরা ভালো করতে পারিনি।”

৪৮ বছর বয়সী কেভিন তার দলের কিছু ভালো ক্রিকেটারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি খেলোয়াড়দের আশাবাদী রাখতে চাই এবং তেমনটি থাকলে সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠতে পারে।”

জাতীয় দলে আশরাফুলের না থাকার ব্যাপারে তিনি বলেন, “এটা বাংলাদেশের নির্বাচকদের ব্যাপার। কে খেলছে না খেলছে সেটা কোনও বিষয় নয়।”

জিম্বাবুয়ে দল হাবিবুল বাশারদের বিরুদ্ধে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে রোববার খেলবে। এর পর তারা ২৮ নভেম্বর খুলনার শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে একটি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলবে।

এর পর ৩০ নভেম্বর খুলনায় অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ। এছাড়া যথাক্রমে ৩ এবং ৫ ডিসেম্বর আফ্রিকান ক্রিকেটাররা দুটি ওয়ান ডে ম্যাচ খেলবে বগুড়ায়।

সিরিজের শেষ ম্যাচ দুটি ৮ এবং ৯ নভেম্বর যথাক্রমে মীরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম এবং নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে শেরে বাংলা স্টেডিয়াম এখনও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদন পায়নি।