জিম্বাবুয়ে-বাংলাদেশ ম্যাচ, খুলনা সাজছে
খুলনায় বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বিভাগীয় স্টেডিয়াম সেজেছে বর্ণিল সাজে।
বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে জিম্বাবুয়ের একটি টুয়েন্টি-টুয়েন্টি ম্যাচ এবং একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৮ ও ৩০ নভেম্বর। বাংলাদেশ দল বৃহস্পতিবার খুলনায় আসছে। জিম্বাবুয়ে দল আসবে ২৭ নভেম্বর। মাঠে চলছে শেষ পর্যায়ের কাজ। খুলনাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে ম্যাচ দুটি দেখার জন্য।
পুরো স্টেডিয়াম জুড়ে সবুজের সমারোহ, পাশে গ্যালারীতে আছে বিভিন্ন রঙের ছড়াছড়ি। এক কথায় বর্ণিল, সাজানো গোছানো। ঢাকা থেকে ছুটে আসা বিসিবির গ্রাউন্ডস কিউরেটর (পিচ বিশেষজ্ঞ) বদিউল আলম খোকন তার কর্মী বাহিনী নিয়ে মাঠ পরিচর্যা করে চলেছেন।
১৩ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামের পূর্ব ও পশ্চিম পার্শ্বে এনক্লোজারে আসন থাকছে ১৫শ’। ভিআইপিতে আড়াইশ আর বাকী সবটুকুই সাধারণ গ্যালারী। টিকিটের মূল্য এখনও নির্ধারণ করা হয়নি। তবে দু’একদিনের মধ্যে তা চুড়ান্ত হবে বলে জানান স্থানীয় আয়োজকরা।
