অ্যাশেজ শুরু বৃহস্পতিবার
চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ব্রিসবেনের গাব্বায় বহুপ্রতীক্ষিত অ্যাশেজ সিরিজের ওপেনিং টেস্টে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে।
অস্ট্রেলিয়া ১৯৮৯ থেকে ২০০৩ পর্যন্ত টানা সাতটি সিরিজ জেতার পর অ্যাশেজের উত্তেজনা কমতে থাকে। কিন্ত গত বছর ঘরের মাঠে ইংল্যান্ড ২-১ ম্যাচে সিরিজ জয় করলে দু দলের প্রতিদ্বন্দ্বিতায় নতুন করে প্রাণ ফিরে আসে।
কয়েক হাজার ইংলিশ দুই দলের লড়াইয়ের শুরুটা দেখার জন্য ইতোমধ্যেই হাজির হয়েছেন ব্রিসবেনে। এত কাড়াকাড়ির মধ্যে টিকেট কি আর থাকে? পাঁচটি টেস্টের টিকেট মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ফুরিয়ে গেছে।
গত ১২ মাস ধরে দারুণ ফর্মে আছে অস্ট্রেলিয়া এবং দেশের মাটিতে অস্ট্রেলিয়ার যে জমকালো রেকর্ড তারই ধারাবাহিকতা বজায় রাখতে অ্যাশেজ জিততে চায় অস্ট্রেলিয়া। দেশের মাটিতে গত ১৪ বছরে কারও কাছে হারেনি অস্ট্রেলিয়া। টেস্টে গত বছরের পরাজয়ের আগপর্যন্ত ১১ টি টেস্টে জিতে এবং ১ টিতে ড্র করে তারা।
অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, “যে পথে এগিয়ে যাচ্ছি তাতে আমরা খুশি। দল বেশ ভালো মেজাজে আছে। তবে সবকিছুই আবার আগামীকাল থেকে শুরু হচ্ছে।”
তিনি বলেন, “বিজয় সম্পর্কে কে কি ভাবে সেটা বড় নয়। মাঠে যা ঘটবে সেটাই আসলে বড় কথা এবং আমরা একটি কঠিন সিরিজ আশা করছি।
ইংল্যান্ডের ক্যাপ্টেন অ্যান্ডু ফ্লিনটফ বলেছেন, “এটি হবে এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বড় সিরিজ। ২০০৫ সালে আমাদের অর্জন অনেক। কিন্তু অস্ট্রেলিয়ায় তাদের হারানোর বিষয়টি তার চেয়েও বড় হয়ে উঠছে।”
