লারা অপরাজিত ১৯৬, ১৫২ রান এগিয়ে উইন্ডিজ
ক্রীড়াবিদদের বিশেষ কোনো কৃতিত্বে বিশেষণ হাতড়ে বেড়ানো ক্রীড়ালেখকদের পেশাগত বড় ঝক্কির একটি। লাগসই বিশেষণ খুঁজে পাওয়া অনেক সময় সাগর সেঁচে গোলাপি মুক্তো পাওয়ার মত।
তবে ব্যতিক্রমও আছে। সর্বশেষটাই ধরুন না। মঙ্গলবার মুলতানে লারার খেলা দেখার পর বিশেষণ হাতড়াতে হয়নি কাউকেই। বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের ক্ষুধা মেটাতে অনেকভাবে লারার খেলার বর্ণনা করা হয়েছে। কিন্তু এর মধ্যে ‘রাজকীয়’ অভিধাটি ব্যবহার করেছেন প্রায় সব লেখকই।
ক্রীড়া লেখকদের কথা ছেড়ে দিন বেশির ভাগ সময়ে স্লিপে দাঁড়িয়ে থাকা মুলতানের সুলতান ইনজামামকেও লারার শট দেখে প্রশংসার ভাব করতে দেখা গেছে।
লারার এ রাজকীয় হিংস্র রূপ দেখার জন্য ইনজামামের জায়গাটিই সবচেয়ে ভালো হলেও পাক অধিনায়ক ওই তাণ্ডব উপভোগ করেছেন বলে মনে হয় না। কারণ এর থেকে রেহাই পেতে কী না করেছেন তিনি? বারবার বোলার বদলেছেন। তাতে লারার খুব একটা সমস্যা হয়নি। উলমার এন্ড কোম্পানির সবচেয়ে কার্যকর অস্ত্র কানেরিয়াকে শিক্ষানবিশ বানিয়ে তার এক ওভারে তুলে নিয়েছেন ২৬ রান, শতরান করতে খরচ করেছেন ৭৭ বল আর দিন শেষ করেছেন ১৯৬ রানে অপরাজিত থেকে।
দিনশেষে ৫ উইকেটে ৫০৯ রান করে তৃতীয় দিনে ১৫২ এর লিড নিয়েছে উইন্ডিজ। আর টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি রান করা ত্রিনিদাদের এ যুবরাজের চেয়ে বেশি সেঞ্চুরি আছে মাত্র আর একজনেরই। তবে ৩৫ টেস্ট সেঞ্চুরির মালিক সাচিন টেন্ডুলকার বোধহয় ভালোই জানেন রেকর্ডটি রাখতে হলে আরো অনেকগুলো সেঞ্চুরি করতে হবে তাকে।
