কুম্বলে আর হরভজনকে নিয়ে আশাবাদী দ্রাবিড়
পাঁচ ম্যাচের দক্ষিণ আফ্রিকা-ভারত একদিনের সিরিজ রবিবার শুরু হয়েছে জোহানেসবার্গে। স্পিনার অনিল কুম্বলে আর হরভজন সিংকে সিরিজের বাড়তি পাওনা হিসেবে দেখছেন ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড়।
দ্রাবিড় জানান, বিশ্বকাপের আগে বিশ্বমানের দু খেলোয়াড় কুম্বলে আর হরভজনকে একসঙ্গে দলে পাওয়া একটা বড় সুযোগ। সিরিজের অনেকগুলো ম্যাচেই তাদের কাজে লাগাতে চাই আমরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলের ৫ সেরা বোলারকে মাঠে নামাতে চান দ্রাবিড়। সঙ্গে থাকছে বিশ্বের যে কোন গ্রাউন্ডেই পরীক্ষিত ৬ ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকার বিশেষ ‘কন্ডিশনে’ খেলার জন্যই কুম্বলেকে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
দক্ষিণ আফ্রিকায় পৌঁছেই বৃষ্পতিবার একমাত্র ওয়ার্মআপ ম্যাচে ‘দক্ষিণ আফ্রিকা-অবশিষ্ট’ দলের কাছে ৩৭ রানে হারে ভারত। এ পরাজয়কে সতর্ক সংকেত হিসেবে নিয়েছেন দ্রাবিড়। তার মতে, প্রথমেই হোঁচট খাওয়া একদিক থেকে ভালই হয়েছে, আমরা জানলাম যে টিকতে হলে লড়তে হবে আমাদের।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ম্মিথ জানান নিজের ঘরে খেলার সুযোগ পেয়ে দারুণ উদ্দীপ্ত দলের খেলোয়াড়রা। স্মিথের কথায়, আমরা ফেভারিট হতে পারি কিন্তু রবিবারে একটি শুভ সূচনার লক্ষে খেলতে নামছি আমরা।
ওপেনার বিরেন্দার শেহবাগের ফিটনেস সমস্যায় গলদঘর্ম ভারতীয় দল। তবে শেহবাগ ভালভাবেই মাঠে থাকতে পারবেন বলে আশাবাদী দ্রাবিড়। তিনি জানান, শেহবাগ প্র্যাকটিসে নেমেছে এবং ভাল ব্যাটিং করেছে। ভারতের আক্রমণভাগের সামনে থাকছে জহির খান এবং অজিত আগারকার। সাথে থাকছেন ইরফান পাঠান।
