২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন ফুটবল তারকা পুসকাস

তখন সময় সকাল ৭টা। আলফ্রেডো ডি স্টেফানোকে জানানো হল, তার বন্ধু আর নেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2006, 11:04 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

খবর শুনে এক রকম নির্বাকই হয়ে পড়লেন স্টেফানো। মুূহূর্তের জন্য ফিরে গিয়েছিলেন সেই সোনালি দিনগুলোয়। যখন রিয়েল মাদ্রিদের হয়ে তারা দুজন একের পর এক গোল বন্যায় ভাসিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষ দলগুলোকে। তারা দু’জনেই এক হয়ে স্বপ্নের জুটি গড়ে তোলেন রিয়েল মাদ্রিদে।

শুধু ফুটবলার হিসেবেই নয়, তিনি ছিলেন এক জন বড় মাপের মানুষও-মৃত্যুর খবরে পুসকাসকে নিয়ে এ কথাই বললেন তার অকৃত্রিম বন্ধু ডি স্টেফানো। ৭৯ বছর বয়সে শুক্রবার সকালে বিশ্বকে চির বিদায় জানালেন হাঙ্গেরি তথা বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা ফেরেঙ্ক পুসকাস।

১৯৫৪ এর বিশ্বকাপটি পুসকাসেরই-এ নিয়ে অন্তত বিশ্বকাপ শুরু কিংবা শুরুর পরও কারো মনে বিন্দু মাত্র দ্বিধা ছিল না। কিন্তু গ্রুপ পর্যায়ে যে জার্মানিকে শোচনীয়ভাবে হারিয়েছিল ফাইনালে সেই জার্মানির কাছে ২ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে বিশ্বকাপ ফুটবলের ট্রাজেডি হিরো হিসেবেই চিহ্নিত হয়ে রইলেন পুসকাস।

তবে ক্লাব ফুটবলে তার সাফল্য ছিল ঈর্ষণীয়। তার সময়ে লা লিগায় ছয়বার চ্যাম্পিয়ন হয় রিয়েল মাদ্রিদ। ১৯৬০ সালে ইউরোপিয়ান কাপ ফাইনালে গুনে গুনে চার গোল করেন তিনি। বাকি তিনটি আসে ডি স্টেফানোর পা থেকে। ১৯৬৭ সালে মাঠকে বিদায় জানান পুসকাস।

পুসকাসের মৃত্যু শুধু হাঙ্গেরিরই নয়, বিশ্ব ফুটবলের জন্যই একটি বেদনাদায়ক দিন।