বিসিবির নতুন সভাপতির মনোযোগ ঘরোয়া ক্রিকেটে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি এম আব্দুল আজিজ ঘরোয়া ক্রিকেটের প্রতি গুরুত্বারোপ করেছেন।
সরকারের কৃষি সচিব বিসিবির সভাপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর বুধবার গুলশানের বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ক্রিকেট নিয়ে তার চিন্তাভাবনার কথা বলেন।
আজিজ বলেন, “ ঘরোয়া ক্রিকেটের উন্নতি করতে বেশি বেশি ম্যাচ খেলা, কোচিং এবং ট্রেনিংয়ের বিকল্প নেই।”
আজিজ আরও বলেন, “আমি জানি না এখানে কতদিন থাকবো, তবে ঘরোয়া ক্রিকেটের জন্য ভালো কিছু করতে পারলে আমি আনন্দিত হবো।”
ঘরোয়া ক্রিকেটকে খেলার মূল ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, “ মেধা অন্বেষণের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় খোঁজার দিকে মনযোগ দিতে হবে।”
হঠাৎ নিয়োগ পাওয়ায় বিস্মিত আজিজ বলেন, “এমনকি নিয়োগের একদিন আগেও আমি জানতাম না যে আমিই বিসিবির সভাপতি হতে যাচ্ছি। এটি আমার জন্য একটি সুযোগও বটে।”
বিসিবির নতুন সভাপতি বলেন, বিসিবির বিশ্বব্যাপী প্রচার স্বত্ত প্রতিনিধি (টেলিভিশন, ইন্টারনেট ইত্যাদি) চুক্তির বিষয়ে আলোচনার জন্য আগামী কয়েক দিনের মধ্যে তিনি পরিচালনা বোর্ডের সভা ডাকবেন। বোর্ড এ বিষয়ে একটি সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছানোর পর চুক্তিটি অনুমোদন করা হবে বলেও তিনি জানান।
বোর্ডের সাধারণ সম্পাদক মাহবুব আনাম চুক্তি স্বাক্ষরের সময়সীমা বৃদ্ধির বিষয়টি তাকে অবগত করেছেন জানিয়ে তিনি বলেন, নতুন সময়সীমার মধ্যেই তারা চুক্তি স্বাক্ষরের কাজ শেষ করার চেষ্টা করবেন।
ঢাকা জেলার ডিসি থাকার সময় ওয়ারীর সভাপতির দায়িত্ব পালনকারী আজিজ বলেন, “টিভি স্বত্ত চুক্তিটির উদ্দেশ্য ঠিক থাকলে এতে রাজনৈতিক পক্ষের বাধা আসবে বলে আমি মনে করি না।”
বিসিবির সদ্য সাবেক সভাপতি আলী আসগার লবীর পদত্যাগের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভায় কে প্রতিনিধিত্ব করবেন, সে বিষয়ে বোর্ডই সিদ্ধান্ত নেবে বলেও তিনি জানান।
ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় পরবর্তী বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতি নেওয়ার জন্যও তিনি বিসিবি কর্মকর্তাদের নির্দেশ দেন।
এর আগে তিনি বিসিবি কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন। তিনি বিসিবি কার্যালয়ে কিছুটা সময় কাটান।
এদিকে সকালে বিসিবি সহ-সভাপতি আজিজ আল কায়সার টিটু, সাধারণ সম্পাদক মাহবুব আনাম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান আব্দুল আজিজের সঙ্গে তার সচিবালয়ের কার্যালয়ে দেখা করে টিভি স্বত্ত চুক্তি সম্পর্কে তাকে অবহিত করেন।
