২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজে বর্ণবাদের বিষাক্ত নিঃশ্বাস

অ্যাশেজ সিরিজে ছায়া ফেলেছে বর্ণবাদ। সফররত ইংল্যান্ডের দুই ক্রিকেটার জানিয়েছেন, নিউ সাউথ ওয়েলসের সঙ্গে প্রস্তুতি ম্যাচে তারা বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। পন্টি পানেসার ও কেভিন পিটারসেনের অভিযোগ, খেলার সময় ও বাইরে দর্শকরা তাদের উদ্দেশে বর্ণবাদী বিভিন্ন মন্তব্য ছোড়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2006, 01:50 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

ইংল্যান্ড ক্রিকেট দলের এক মুখপাত্র বলেছেন, পত্রিকাগুলো জানতে চাইলে আমরা নিশ্চিত করেছি, এ ধরনের ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তবে এ মুহূর্তে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ তারা করছেন না বলে তিনি জানান।

মঙ্গলবার সিডনি টেলিগ্রাফে এ ঘটনা কথা প্রকাশ হলে তা ওয়েলস ক্রিকেট বোর্ডেরও গোচরে এসেছে বলে বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন।

এ প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তারা বলেছেন, বিষয়টি নিয়ে তারা এখনও ইংল্যান্ড দল কিংবা ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাননি।

সিডনি টেলিগ্রাফ জানিয়েছে, সেদিনের খেলায় পানেসার যখন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন তখন এক দর্শক তাকে লক্ষ করে ‘স্টুপিড ইন্ডিয়ান’ বলে চেঁচিয়ে ওঠেন। ওই দর্শক আরো বলেন, ‘পন্টি, তুমি তো ইংলিশ নও, তাহলে কেন ইংল্যান্ডের হয়ে খেলছ।’

পত্রিকাটি আরো জানায়, শুক্রবার ক্যানবেরায় ফ্যানদের বর্ণবাদী আচরণের শিকার হন দক্ষিণ আফ্রিকা বংশোদ্ভূত ব্রিটিশ ক্রিকেটার কেভিন পিটারসেন।

এর আগে অস্ট্রেলিয়া সফরকালে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন বলে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার ক্রিকেট দল অভিযোগ করেছিল।

এনিয়ে পরে আইসিসি তদন্ত করে এবং বর্ণবাদী আচরণের দায়ে যে কোনো দর্শককে স্টেডিয়ামে আজীবন নিষিদ্ধসহ কঠোর নিয়ম-নীতি প্রণয়ন করে। পাশাপাশি এবিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়।

আইসিসির সে নিয়ম মেনে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ‘ক্রিকেট অস্ট্রেলিয়া’ অ্যাশেজ সিরিজের আগে গত সপ্তাহে এ ধরনের যে কোনো ঘটনা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়।