হংকং লড়াইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়লো বাংলাদেশের ফুটবলাররা
এশিয়া কাপের বাছাই পর্বের শেষ ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে লড়তে সোমবার সকালে ঢাকা ত্যাগ করেছে ২২ সদস্যের বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
মংকক স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় রাত আটটায় অনুষ্ঠিত হবে হংকং-বাংলাদেশ ম্যাচটি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার হংকংয়ের বিরুদ্ধে নিজের ঘরে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। পাঁচ ম্যাচ খেলে কোন পয়েন্ট না পেয়ে এফ গ্রুপের পয়েন্ট তালিকায় সবার নিচে আছে তারা।
এর আগে উজবেকিস্তানের হাতে লজ্জাজনকভাবে নিজের ঘরে ০-৪ আর তাসখন্তে ০-৫ গোলে নাকানি চুবানি খেয়েছিল বাংলাদেশ। এরপর কাতারের কাছে চট্টগ্রামে ১-৪ এবং দোহায় ০-৩ গোলে ধরাশায়ী হয় তারা।
ওই দিনই তাসখন্তে উজবেকিস্তানের সাথে লড়বে কাতার। পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা। আর একই সংখ্যক ম্যাচ খেলে আট পয়েন্ট রয়েছে উজবেকিস্তানের ঘরে। কাতার তাসখন্ত ম্যাচে উজবেকিস্তানকে হারাতে পারলেই পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট পাওয়া হংকং দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে।
ঢাকাত্যাগী বাংলাদেশ দলের খেলোয়াররা হলেন, আমিনুল ইসলাম (অধিনায়ক), মাজহারুল ইসলাম হিমেল, ফিরোজ মাহমুদ টিটু, ওয়ালি ফয়সাল, মহিউদ্দিন ইবনুল সিরাজ, আরমান আজিজি, আবুল হোসাইন, ফয়সাল মাহমুদ, আরিফুল ইসলাম, এম রবিন, জাহিদ হাসান এমিলি, জাহিদ হোসাইন, রজনী কান্ত বর্মন, নজরুল ইসলাম, পারভেজ বাবু, মতিউর মুন্না, আলফাজ আহমেদ ও আরিফুল কবির ফরহাদ।
কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, মোজাম্মেল হক মুক্তা (ম্যানেজার), হাসানুজ্জামান বাবলু (কোচ), বায়েজিদ আলম, জুবায়ের নিপু (সহকারী কোচ) এবং মশিউর রহমান (চিকিৎসক)।
