আবারো ইনজুরিতে মেসি, ৩ মাস থাকতে হবে মাঠের বাইরে
আবারো ইনজুরিতে পড়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। রোববার রিয়েল জারাগোভার সঙ্গে খেলতে গিয়ে বাম পায়ের পাতার একটি হাড় ভেঙ্গেছে তার।
এ জন্য অস্ত্রোপচার লাগবে। ফলে তিন মাসের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে মেসিকে।
সোমবার স্পেনিশ ক্লাব বার্সেলোনা তাদের ওয়েবসাইটে এ তথ্য জানায়।
স্পেনিশ লিগে রোববার খেলার সময় প্রতিপক্ষ দলের আলবার্তো জাপাটার ও আলবার্ট সেলাডেসের হার্ড ট্যাকলের মুখে ২৩ মিনিটের মাথায় আহত হয়ে মাঠ ছাড়েন ১৯ বছর বয়সী এ আর্জেন্টাইন তারকা।
অস্ত্রোপচারের কারণে মেসি খেলতে পারবেন না চ্যাম্পিয়নস লিগের লেভস্কি সোফিয়া ও ওয়ের্ডার ব্রিমেনের সঙ্গে ম্যাচ দুটি। এছাড়া ডিসেম্বরে জাপানে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ক্লাব কাপও মিস করবেন মেসি।
