নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন শোয়েব
দুই বছরের জন্য খেলায় নিষিদ্ধ হওয়ার বিরুদ্ধে বুধবার আপিল করেছেন পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতার।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর এক কর্মকর্তা রয়টার্সকে বলেন,“আপিল করার জন্য শোয়েবকে যে সময় বেঁধে দেওয়া হয়েছিল তার শেষ দিনে তিনি আপিল করেছেন।”
নিষিদ্ধ ঘোষিত ন্যানড্রোলিন নামের ড্রাগ নেয়ার দায়ে ‘ড্রাগস ইনকোয়ারি ট্রাইবুনাল’ গত মাসে শোয়েবকে দুই বছর ও মোহাম্মদ আসিফকে এক বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। আসিফ আগেই আপিল করেছেন। সাবেক বিচারক ফখরুদ্দিন জে ইব্রাহিমকে প্রধান করে সাবেক টেস্ট খেলোয়াড় হাসিব হাসান ও একজন স্পোর্টস মেডিসিন ডাক্তারকে নিয়ে পিসিবি একটি আপিল ট্রাইবুনাল গঠন করেছে। পিসিবির এক কর্মকর্তা জানান, শোয়েব চান যত তাড়াতাড়ি সম্ভব আপিল ট্রাইবুনালে তার শুনানি অনুষ্ঠিত হোক।
বিশ্বস্ত কয়েকটি সূত্রে জানা গেছে, বিশ্বের ডোপিং বিরোধী বিশেষজ্ঞদের সাথে আলাপ করে শোয়েব আপিল করেছেন।
৪২টি টেস্ট ম্যাচ ও ১৩৩টি ওয়ানডে ম্যাচ খেলা, ৩১ বছর বয়সী শোয়েবের এ আপিল ব্যর্থ হলে তার ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে যেতে পারে।
