২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ফুটবল অনুরাগ দেখে মুগ্ধ জিদান

বাংলাদেশে ফুটবল নিয়ে উৎসাহ উদ্দীপনা দেখে ফরাসি ফুটবলের জীবন্ত কিংবদন্তী জিনেদিনে জিদান যারপর নাই মুগ্ধ। তিনি বলেছেন, “আমি এ দেশের ফুটবল অনুরাগ দেখে খুবই মুগ্ধ। এ মুগ্ধতা আমার হৃদয় ছুঁয়ে গেছে।” বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ) এর দেওয়া সংবর্ধণা অনুষ্ঠানের পর এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার তিনি এ অনুভূতি ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2006, 11:16 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

ফরাসি ফুটবলের মহানায়ক জিদান বলেন, “এ দেশে ফুটবল নিয়ে আগ্রহ দেখে আমি একেবারে থ হয়ে গেছি। আমি যদি এ দেশের ক্ষুদে ফুটবলারদের জন্য কিছু একটা করতে পারতাম তাহলে নিজেকে গর্বিত মনে করতাম।”

বাংলাদেশে আমন্ত্রণ জানানোর জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এখানে আসতে পেরে আমি খুবই খুশী হয়েছি।”

৩৪ বছর বয়সী ফুটবল তারকার মুখে নোবেল বিজয়ী ড. ইউনূসের প্রশংসাও ছিল। তিনি বলেন, “এ দেশে এসে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সান্যিধ্য লাভ করে আমি নিজেকে গর্বিত মনে করছি। আমি মনে করি ড. ইউনূস এ দেশের ফুটবলের জন্য অনেক কিছুই করতে পারেন।”

জিদান ফরাসি ভাষায় বক্তব্য রাখেন। সঙ্গে সঙ্গে তা সাংবাদিকদের জন্য বাংলায় তর্জমা করে দেওয়া হয়। জিদান দেশের ফুটবলের ভবিষ্যত প্রসঙ্গে বলেন, “এ দেশের ফুটবলকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে চাইলে তৃণমূল পর্যায় থেকে সুপরিকল্পিতভাবে কাজ করতে হবে। আর এ জন্য সংশ্লিষ্টদের অনেক পথ পাড়ি দিতে হবে।”

ইউরোপ ও এশিয়ার ফুটবলের তুলনা করে তিন বারের ফিফা বর্ষসেরা এই ফুটবল তারকা বলেন, “আমি মনে করি ফুটবল ইউরোপেরই খেলা। কারণ ওখানেই খেলাটার প্রথম প্রচলন হয়। যার ফলে এশিয়ার চেয়ে ইউরোপ এগিয়ে আছে। তবে আমার বিশ্বাস এশিয়ার ফুটবলাররা যদি কঠোর পরিশ্রম করেন তাহলে তাদেরও ইউরোপীয়দের মানে পৌঁছানো কোনো কঠিন কাজ নয়।”

য়ুভেন্তুস এবং রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা এক পর্যায়ে বলেন, “আমি এখন ফুটবল নিয়ে ভাবছি না। আমার চিন্তাভাবনা জুড়ে এখন অন্যকিছু।” তবে এ ব্যাপারে তিনি আর বিস্তারিত কিছু বলেননি।

জিদান ইতালির রক্ষণভাগের খেলোয়াড় মার্কো মাতেরাজ্জির সাথে বিশ্বকাপ ফাইনালের সেই গুঁতোগুঁতির বহুল আলোচিত প্রসঙ্গটি এড়িয়ে যান। তিনি বলেন,“ফুটবল জীবনের সবকিছুই এখনও আমার মনে আছে। অতীতে অসন্তোষের কিছু বিষয় ছিল এবং সেগুলো খেলোয়াড়ী জীবনেরই অংশ।”

ফুটবলার হিসেবে মারাদোনা ও পেলের মধ্যে সেরা হিসেবে কাকে বেছে নেবেন– এমন প্রশ্নের মুখোমুখি হয়ে জিদান স্পষ্টতই কৌশলের আশ্রয় নেন। তিনি বলেন,“আমি পেলের খেলার ভিডিও ফুটেজ দেখেছি এবং মারাদোনার খেলা স্বচক্ষে দেখেছি। আমার বিশ্বাস, তারা দুজনেই তাদের সময়ের সেরা খেরোয়াড়।”

জিদানকে আদর করে ফুটবল ভক্তরা ‘জিজু’ নামে ডাকে। বাংলাদেশ সম্পর্কে জিজুর অভিমত হচ্ছে, “সুযোগ পেলে আমি আবার বাংলাদেশে আসব।”

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) সভাপতি এসএ সুলতান এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জিদান এবং ড. ইউনূসকে বিএফএফ ভবনে স্বাগত জানান।

এর আগে জিদান গাজীপুরের কামারবাসুলিয়া গ্রামে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রম দেখেন।

নোবেল বিজয়ী ড. ইউনূসের আমন্ত্রণে গ্রামীণ ব্যাংক এবং ফরাসী কোম্পানি ডানোনের যৌথ উদ্যোগে ১০ লাখ ডলারের একটি খাদ্য প্রকল্প উদ্বোধন করার জন্য দু দিনের সফরে বাংলাদেশে এসেছেন জিদান।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত সংবর্ধনায় ডানোনের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্রাঙ্ক রিবাউড উপস্থিত ছিলেন।