২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতে কলকাতায় প্রথম ‘ইন্দো-বাংলা গেমস’

২০০৭ সালের জানুয়ারিতে কলকাতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্দো-বাংলাদেশ বাংলা গেমস’।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2006, 09:32 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন সোমবার এক বৈঠকে প্রতি বছর ‘ইন্দো-বাংলাদেশ বাংলা গেমস’ নামে এ প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে।

বিওএ-এর পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল (অব.) এম ওয়ালিউল্লাহ ঢাকায় পশ্চিমবঙ্গ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কমলেশ চট্টোপাধ্যায়ের সঙ্গে এ নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে বিওএ পরিচালক সাংবাদিকদের এ তথ্য জানান।

মি. কমলেশ বলেন, একই বছরের শেষের দিকে এ প্রতিযোগিতার দ্বিতীয় আসর ঢাকায় আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের জাতীয় নির্বাচন শেষে জানুয়ারির তৃতীয় বা চতুর্থ সপ্তাহে পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

বিওএ পরিচালক আরো বলেন, প্রতিযোগিতার নীতিমালার বিষয়ে উভয়পক্ষই একমত হয়েছে। পশ্চিমবঙ্গ অলিম্পিক অ্যাসোসিয়েশন ফুটবল (পুরুষ-অনুর্দ্ধ-১৯ ও মহিলা-উন্মুক্ত), ভলিবল, বাস্কেটবল এবং খোখো প্রতিযোগিতা অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে।

অন্যদিকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন অ্যাথলেটিকস (পুরুষ ও মহিলা), শ্যুটিং (পুরুষ ও মহিলা), সাঁতার (পুরুষ ও মহিলা) এবং কাবাডি প্রতিযোগিতা অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়।

পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক শক্তিশালী করার উদ্দেশ্যে ভারত ও পাকিস্তানের উদ্যোগে অনুষ্ঠিত পাঞ্জাব গেমস থেকে আন্তঃদেশীয় এ প্রতিযোগিতার ধারণা নেওয়া হয়েছে।

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব রাজা রানিন্দার সিং ২০০৪ সালেই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব কুতুবউদ্দিন আহম্মেদকে উভয় দেশে এক বছর পরপর এই প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন।

বৈঠকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব কুতুবউদ্দিন আহম্মেদ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-মহাসচিব এমএস ইমতিয়াজ খান বাবলু, ইশতিয়াক আহম্মেদ, কোষাধ্যক্ষ মনিরুল হক এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানা।