ঢাকায় পৌছেছেন জিদান, মেতে আছে দেশ
ফরাসী ফুটবল সম্রাট জিনেদিন জিদান সোমবার রাত সাড়ে দশটায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা এসে পৌছেছেন।
যুব ও ক্রীড়া সচিব সিরাজুল ইসলাম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে অভ্যর্থণা জানান।
কালো ক্যাপ ও কালো ওভারকোট পরা জিদান একটি গাড়িতে উঠে সরাসরি হোটেল সোনারগাও এর উদ্দেশ্যে রওনা হন।
জিদানের সঙ্গে চার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী এবং ফরাসী ফুটবল ফেডারেশনের চার কর্মকর্তাসহ বেশ কয়েকজন বিদেশী সাংবাদিক সঙ্গে রয়েছেন।
এর আগে আনোয়ারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, ফরাসী ফুটবল সম্রাটকে লালগালিচা সংবর্ধনা দেয়ার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ) মোটামুটি প্রস্তুত। আড়ম্বরপূর্ণ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, জিদানকে স্বাগত জানানোর কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুদিনের প্রস্তুতি শেষ করেছে।
ফরাসী কোম্পানী ডানো এবং স্থানীয় গ্রামীণ ব্যাংকের যৌথ উদ্যোগে স্থাপিত একটি পুষ্টিকর খাদ্য উৎপাদন কেন্দ্র উদ্বোধনের জন্য জিদান বাংলাদেশে আসছেন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি এই সফরে আসছেন।
হেলাল আরো বলেন, জিদানের জন্য তারা বিভিন্ন মহল থেকে লোভনীয় বিভিন্ন প্রস্তাব পাচ্ছেন।
তিনি জানান, একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের যে কোন একটি পণ্যের মডেল হওয়ার জন্য জিদানকে ২০ লাখ টাকা সম্মানী দেওয়ার প্রস্তাব দিয়েছে। এ ছাড়া অপর একজন তার সন্তানের জন্য জিদানের একটি অটোগ্রাফের বিনিময়ে ১ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপ-সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু বলেন, জিদানের সঙ্গে পরিচিত হওয়ার ইচ্ছা প্রকাশ করে পরিচিতদের কাছ থেকে টেলিফোনে তিনি অসংখ্য প্রস্তাব পাচ্ছেন। এছাড়া ঢাকায় জিদানের প্রদর্শনী ম্যাচের টিকেট সংগ্রহের জন্যও তারা অনুরোধ জানাচ্ছেন।
সর্বশেষ বিশ্বকাপ ফাইনাল ম্যাচে ইটালীর বিপক্ষে খেলার পর জিদান আন্তর্জাতিক ও জাতীয় ফুটবল থেকে অবসর নেন।
এই সফরের সময় জিদান মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান স্পোটিং ক্লাব এবং আবাহনী লিমিটেডের অনুর্দ্ধ-১৬ দলের সঙ্গে একটি প্রদর্শনী ম্যাচ খেলবেন।
বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। ম্যাচের গ্যালারীর টিকেট ৪০ টাকা এবং ভিআইপি টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত।
ম্যাচের টিকেট সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধূ জাতীয় স্টেটেডিয়ামে পাওয়া যাবে। এছাড়া গ্যালারীর প্রবেশপথ খোলা হবে বেলা ১২ টায়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন জিদানকে একটি ব্লেজার এবং একটি ঐতিহ্যবাহী বাংলাদেশী পাঞ্জাবি উপহার দেবে।
নিজস্ব নিরাপত্তা রক্ষীদের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ জিদানের নিরাপত্তা দেবে। ২৭ সদস্যের একটি প্রতিনিধি দল জিদানের সঙ্গে এসেছেন বলে জানা গেছে।
