পন্টিং আইসিসি বর্ষসেরা ক্রিকেটার
আইসিসি বর্ষসেরা খেলোয়াড় ও বর্ষসেরা টেস্ট খেলোয়াড়-ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি শিরোপাই অস্ট্রেলীয় দলের অধিনায়ক রিকি পন্টিংয়ের।
বর্ষসেরা অধিনায়ক ও বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়-এ বিভাগ দুটির জন্য পন্টিং মনোনয়ন পেলেও তা জয় করেছেন যথাক্রমে শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনে ও অস্ট্রেলিয়ার মাইকেল হাসি।
সুনীল গাভাস্কার, ইয়ান হেলি, অর্জুন রানাতুঙ্গা, ওয়াকার ইউনুস এবং অ্যালান ডোনাল্ড-এ পাঁচজনকে নিয়ে গঠিত প্যানেল ২০০৫ সালের ১ আগস্ট থেকে ২০০৬ সালের ৮ আগস্ট পর্যন্ত খেলোয়াড়দের পারফরমেন্সের পরিপ্রেক্ষিতে মুম্বাইয়ে বার্ষিক আইসিসি পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এ ঘোষণা দেয়।
পুস্ক‹ারের জন্য নির্বাচিত সময়ে হাসি ২৫টি ওয়ানডে খেলেন এবং তার মোট রান ৭৬৯, গড় রান ছিল ৬৪.৮০। আর এ বিভাগে হাসি ছাড়াও পন্টিং, ভারতের যুবরাজ সিং ও শ্রীলংকার মাহেলাও মনোনয়ন পেয়েছিলেন।
ওই সময়ে ১৩টি টেস্ট ম্যাচ খেলে এবং গড় রান ৪১.৬৫ হিসেবে মোট ৯৫৮ রান করে ইংল্যান্ডের ব্যাটসম্যান ইয়ান বেল বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন।
অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক কারেন রোলটন পেয়েছেন বর্ষসেরা মহিলা খেলোয়াড়ের পুরস্কার। পাশাপাশি পর পর তিনবারের মত সিমন টফেল বর্ষসেরা আম্পায়ারের মর্যাদা পেয়েছেন।
গতবারের মত এবারও ইংল্যান্ড ক্রিকেট দল ‘স্পিরিট অব দ্য ক্রিকেট’ পুরষ্কার লাভ করেছে।
আইসিসি এছাড়াও বিভিন্ন দলের খেলোয়াড়দের নিয়ে বছরের সেরা দলের নাম ঘোষনা করেছে।
সেরা টেস্ট দলে স্থান পেয়েছেন: ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া), মাইকেল হাসি (অস্ট্রেলিয়া), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), রাহুল দ্রবিড় (ভারত, দলনায়ক) মোহাম্মদ ইউসুফ (পাকিস্তান), কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা, উইকেট কীপার) এন্ড্রু ফ্লিনটফ (ইংল্যান্ড), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া), মাখাই এনটিনি (দক্ষিণ আফ্রিকা), মুত্তিয়া মুরালিধরন (শ্রীলংকা), গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)। দ্বাদশ খেলোয়াড়: ব্রেট লি (অস্ট্রেলিয়া)।
ওয়ান ডে দল: অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া), মাহেন্দ্র ধোনি (ভারত), পন্টিং, মাহেলা জয়াবর্ধানে (শ্রীলংকা, দলনায়ক), যুবরাজ সিং (ভারত) হাসি, ফ্লিনটফ, ইরফান পাঠান (ভারত), লি, শেন বন্ড (নিউজিল্যান্ড), মুরালিধরন। দ্বাদশ খেলোয়াড়: অ্যান্ড্রু সাইমন্ডস (অস্ট্রেলিয়া)।
