মোহামেডানের তিন খেলোয়াড়ের হকি লিগ বয়কট
প্রিমিয়ার লিগ হকিতে প্রতিপক্ষ হিসেবে আবাহনী কোন সমস্যা না হলেও দলটির সাথে খেলার আগে নিজ দলের খেলোয়াড়দের নিয়েই বিপদে পড়েছে মোহামেডান।
বৃহস্পতিবার দুই দল পরস্পরের মুখোমুখি হচ্ছে।
কিন্তু সমস্যা হলো, মোহামেডান দলের তিন মূল খেলোয়াড়-ডিফেন্ডার ইয়ামিন হোসেন, স্ট্রাইকার মাকসুদুল আলম হাবুল এবং মধ্য মাঠের মামুনুর রহমান চয়ন-লিগ বয়কট করার হুমকি দিয়েছেন।
ক্লাব তাদের পাওনা পরিশোধ না করলে এই তিনজন প্রিমিয়ার লিগে অংশ নেওয়া থেকে বিরত থাকবেন বলে জানিয়েছেন।
এ প্রসঙ্গে ইয়ামিন সাংবাদিকদের জানান, তার পাওনা দুই লাখ টাকা পরিশোধ না করলে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগ হকিতে তিনি অংশ নিচ্ছেন না।
এছাড়া হাবুলও দুই লাখ ৩০ হাজার টাকা না পেলে একই পথ বেছে নেবেন। এই দুই খেলোয়াড়কে ঈদের আগে এক লাখ টাকা করে দেওয়া হয়েছিল।
হাবুল অভিযোগের সুরে বলেন, ‘দুই বছর পর শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগে কিভাবে খেলা সম্ভব যদি না ক্লাব আমাদের পাওনা পরিশোধ করে।’
ইয়ামিন আরও বলেন, ‘ক্লাব আমাকে সাসপেন্ড করলেও লিগ বয়কট করার ব্যাপারে আমি দৃঢ় প্রতিজ্ঞ।’
তিনি জানান, ইতোমধ্যেই তিনি লিখিতভাবে ফেডারেশনকে এ ব্যাপারে অভিযোগ করেছেন।
এ প্রসঙ্গে মোহামেডানের অতিরিক্ত সাধারণ সম্পাদক মুশতাকুর রহমান বলেন, ‘খেলোয়াড়দের পাওনা পরিশোধ করা ক্লাবেরই কর্তব্য। তবে খেলোয়াড়দেরও অনুধাবন করা উচিত প্রতিটি ক্লাবই আর্থিক সংকটে পড়তে পারে।’
ওই তিন খেলোয়াড় বৃহস্পতিবারের ম্যাচে খেলবেন বলে মুশতাক আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, মোহামেডান এ পর্যন্ত পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে তৃতীয় অবস্থানে রয়েছে। যুগ্ম চ্যাম্পিয়ন আবাহনী ও ঊষা ক্রীড়া চক্র থেকে তারা এখনো পিছিয়ে আছে।
