আম্পায়ার হেয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছে পাকিস্তান
অস্ট্রেলিয়ার আম্পায়ার ড্যারেল হেয়ারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) লিখিত অভিযোগ দাখিল করেছে পাকিস্তান।
ওই অভিযোগনামায় আগস্ট মাসে ওভাল টেস্টে হেয়ারের বিতর্কিত আচরণ নিয়ে তদন্তের দাবি জানানো হয়।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে ভারতে অবস্থানরত পাকিস্তান ক্রিকেট কর্মকর্তা সালিম আলতাফ মঙ্গলবার একথা জানান।
আলতাফ বলেন, আইসিসির কাছে পাঠানো চিঠিটি মূলত হেয়ারের বিরুদ্ধে অভিযোগনামা হিসেবে দাখিল করা হয়েছে। আমরা মনে করি ওভালে তিনি আম্পায়ারদের জন্য নির্ধারিত বিধিমালা লঙ্ঘণ করেছেন।
ওই ঘটনার পর পাকিস্তান হেয়ারের তত্ত্বাবধানে কোনো ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়।
আগামী ৩ নভেম্বর ভারতের মুম্বাইয়ে আইসিসির নির্বাহী পরিষদের সভার আলোচ্যসূচিতে পাকিস্তানের এই অভিযোগটি অন্তর্ভুক্ত করা হয়েছে।
