ধারাবাহিক পারফরমেন্স চান হাবিবুল
দুই-তিন মাস আগে জুলাই-আগষ্টে বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সময় ইএসপিএন ও স্টার টিভি চ্যানেলে প্রচারিত বিজ্ঞাপনে সিরিজটিকে অভিহিত করা হয়েছিল ‘মোস্ট আনপ্রেডিক্টেবল’ হিসেবে। জিম্বাবুইয়ের খেলোয়াড়রা আনপ্রেডিক্টেবল নিঃসন্দেহে। কিন্তু বাংলাদেশীরা তার চেয়ে অনেক বেশি।
বিশেষ করে ব্যাটসম্যানদের কে যে কখন ভালো খেলবে সে ব্যাপারে হয়তো মন্তব্য করতে চাইবেন না বিশ্বের নামজাদা ভবিষ্যৎ দ্রষ্টাও। অধিনায়ক হাবিবুল বাশারও তা মানছেন। তাই তিনি অন্তর থেকেই সতীর্থদের কাছ থেকে আশা করছেন ধারাবাহিক পারফরমেন্স, বিশেষ করে শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুইয়ের কাছ থেকে জয় ছিনিয়ে নেয়ার পর তা জানাতে মোটেও দ্বিধা করলেন না তিনি, ‘আমরা ঠিক পথেই এগিয়ে চলেছি। তবে খেলোয়াড়দের আরো ধারাবাহিক হওয়া দরকার। অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে হবে বড় দলগুলোর সঙ্গেও।’
শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হেরে যাওয়ার পর একটা জয়ের খুব প্রয়োজন ছিল বাশারের দলের। জিম্বাবুয়ের বিপক্ষে সেই জয় পাওয়ায় বাশার ভীষণ খুশি। ঢেকে রাখারও কোন চেষ্টা করলেন না, ‘এই জয়ে আমরা সন্তুষ্ট। সব কিছুই এগিয়েছে আমাদের মনমতো।’
তবে অসস্তুষ্টি যে একেবারেই নেই তাও নয়। বিশেষ করে, ব্যাটসম্যানদের নিয়ে একটু উষ্মাই প্রকাশ পেলো তার কণ্ঠে, ‘আমরা আরো বেশি রান করতে চেয়েছিলাম। কিন্তু উইকেটের কারণে তা পারিনি।’ বোলারদের নিয়ে অবশ্য তার মধ্যে কোনো আক্ষেপই দেখা গেলো না। বরং প্রসংশাই ঝরে পড়লো। আর স্পিনারদের ব্যাপারে তো খুব সন্তুষ্ট। জানিয়েও দিলেন তা সোজাসাপ্টা, ‘আসলেও চমৎকার বল করেছেন স্পিনাররা।’
পর পর তিন ম্যাচে বিশাল ব্যবধানে হারায় জিম্বাবুয়ের দলনায়ক প্রসপার উৎসেয়ার মন খারাপ হয়ে যেতেই পারে। কণ্ঠেও তার সেই হতাশারই সুর, ‘ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যে কয়েকটি উইকেট হারানোয় নিশ্চিত হয়ে যায় আমাদের পরাজয়।’ তবে বাংলাদেশী ক্রিকেটারদের প্রশংসা করতে মোটেও কার্পণ্য করেননি তিনি, ‘আসলেও তারা ভালো বল করেছে। আর আমরা তাদের স্পিনারদের মোকাবিলা করতে একদমই পারিনি।’
এই হতাশার মাঝেও ইতিবাচক কিছু খুঁজে বের করার চেষ্টা যে করছেন না, তা নয়। খুঁজতে গিয়ে পেয়েও গেছেন কিছু ইতিবাচক দিক, ‘আমরা ভালো বল করেছি। ফিল্ডিংও করেছি চমৎকার। আর এখান থেকেই আমাদের খুঁজে নিতে হবে পথ চলার পাথেয়।’
