২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারপরও এগিয়ে বাংলাদেশ

আইসিসি রেটিংয়ে বাংলাদেশ ও জিম্বাবুইয়ে, দুদলেরই পয়েন্ট সমান। ৩৬ করে। সাম্প্রতিক ইতিহাসের দিকে পেছন ফিরে তাকালেও পাওয়া যায় সেই একই চিত্র। সমর্থন করছে আইসিসির গাণিতিক হিসেবকেই। গত দশ ম্যাচে দুদলই জিতেছে পাঁচটি করে। আক্ষরিক অর্থেই দুদলের শক্তি--সামর্থেও পার্থক্য খুব একটা নেই। লো--স্কোরিং কিংবা হাই--স্কোরিং, যে ধরনেরই ম্যাচ হোক না কেন, লড়াই হবে হড্ডাহাড্ডি। জয় তুলে নিতে পারে যে কেউ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2006, 05:36 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

কিন্তু স্কোরবোর্ডের ওই সংখ্যাগুলো অনেক কিছু বললেও অনেক কথা আবার লুকিয়েও রাখে। বিশেষ করে, খেলার বাঁকগুলো। বাঁকে বাঁকে লুকানো কথাগুলো। জয়--পরাজয় নির্ধারণের পরও অনেক কথা থেকে যায় সেখানে। থাকে দলের শক্তি--সামর্থ্যরে সুস্পষ্ট ইঙ্গিত বা আভাস। সেদিক দিয়ে বিচার করলে কিছুটা হলেও এগিয়ে রাখতে হয় বাংলাদেশকেই। যদিও অনেকে ফেবারিটের তকমাও লাগিয়ে দিতে চাইবেন। সাম্প্রতিক ইতিহাসও অবশ্য কথা বলছে বাংলাদেশেরই পক্ষে। বাশারের দলের বেশ কিছু অর্জন থাকলেও প্রসপার--উৎসেয়ার দলের তা নেই। বরং আছে কিছু হতাশার কাহিনী।

মাস দুয়েক আগে জুলাই--আগস্টে বাংলাদেশ জিম্বাবুইয়ে সফর শুরু করেছিল ফেবারিটের তকমা গায়ে লাগিয়ে। হারারেতে নেমে কোচ ডেভ হোয়াটমোরও ঘোষণা করেছিলেন,‘তার দলই ফেবারিট।’ কিন্তু বাশারের দল সফর শেষ করেছিল ২--৩ ম্যাচে সিরিজ খুইয়ে। কিন্তু এখানেই সব কথা শেষ হয়ে যায় না। বাকি রয়ে যায় অনেক কিছুই।

প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছিল বাশারের দল। সমতা এনেছিল সিরিজে। তৃতীয় ম্যাচেও পৌঁছে গিয়েছিল জয়ের দ্বারপ্রান্তে। কিন্তু শেষ ওভারে ব্রেন্ডন টেইলরের কাঁধে যেন দানব ভর করে। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৮ রান, শেষ বলে পাঁচ। প্রায় অসম্ভব একটা কাজ। টেইলরও সেই মাপের আক্রমণাত্বক ব্যাটসম্যান হিসেবে পরিচিত নন। কিন্তু ছক্কা মেরে এক রান বেশিই করে ফেললেন। ভেঙ্গে তছনছ করে দিলেন তিল তিল করে গড়ে তোলা বাংলাদেশের সাজানো বাগান। অন্যথায়, গল্পটা হয়তো অন্যভাবে লিখতে হতো।

এর আগে দেশের মাটিতে ০--২ ম্যাচে পিছিয়ে থেকেও ৩--২ ম্যাচে সিরিজ জিতে নিয়েছিল বাশারের দল। শেষ ম্যাচে স্রেফ উড়িয়ে দেয় জিম্বাবুইয়েকে। ১৯৮ রান তাড়া করে জয় তুলে নেয় ১৭ ওভার বাকি থাকতেই। ০--২ ম্যচে পিছিয়ে থেকেও ৩--২ ম্যাচে সিরিজ জয়ের নজির আর একটাই আছে পৃথিবীতে। পাকিস্তান সৃষ্টি করেছিল এই কীর্তি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

এবারের আইসিসি চ্যাম্পিয়শীপে বাংলাদেশ ও জিম্বাবুইয়ে, দুদলের পারফরমেন্স রীতিমতো হতাশাজনক। পুরোপুরি ব্যর্থ হয়েছে দল দুটির টপ--অর্ডার। বোলারদের অবস্থা তো আরো খারাপ। পেসাররা নতুন বলের সুযোগ একেবারেই নিতে পারেননি। তবে স্পিনাররা ভালো করেছেন নিঃসন্দেহে। তারপরও দলগত পারফরমেন্সের দিক থেকে বাংলাদেশকে জিম্বাবুইয়ের চেয়ে খানিকটা এগিয়েই রাখতে হয়। দুই ম্যাচে বাংলাদেশ ৯৬ দশমিক ৩ ওভার ব্যাট করে রান তুলেছে ৪২৬। অথচ ৭২ দশমিক ৪ ওভার খেলে ২২৬ রান তুলেছে জিম্বাবুইয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৮৫ রানে অল আউট হয়ে তো লজ্জায় ডুবতে হয়েছিল তাদের।

তবে জয়পুরে বাশারের দলের শেষ ম্যাচে একটা পরিবর্তন দেখা যেতে পারে। মোহাম্মদ আশরাফুলের জায়গায় মাঠে নামতে পারেন বাঁ হাতি স্পিনার--ব্যাটসম্যান মেহরাব হোসেন জুনিয়র।

আইসিসি চ্যাম্পিয়নশীপের মূল পর্বে ওঠার দৌড় থেকে এরই মধ্যে ছিটকে পড়েছে বাংলাদেশ ও জিম্ববুইয়ে, দুদলই। তাই আনুষ্ঠানিকভাবে ম্যাচটির গুরুত্ব নেই বললেই চলে।

তারপরও এটিকে সম্মান রক্ষার ম্যাচ হিসেবে গণ্য করছে দুদলই। এছাড়া আইসিসি র‌্যাংকিংয়ে এক দলকে পেছনে ফেলে আরেক দলকে এগিয়ে যাওয়ারও একটা সুযোগ করে দিচ্ছে শুক্রবারের এই ম্যাচটি।