ওয়েস্টইন্ডিজের কাছে বাংলাদেশের স্বপ্ন ধুলিসাৎ
নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার জয়পুরে ওয়েস্টইন্ডিজের কাছে ১০ উইকেটের বড় ব্যাবধানে হেরে ধুলিসাৎ হয়ে গেছে বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন।
১৬২ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্টইন্ডিজ মাত্র ৩৬ দশমিক ৪ ওভারে কোন উইকেট না হারিয়েই ১৬৪ রান করে গন্তব্যে পৌছে যায়।
ক্রিস গেইল ১১৮ বলে ১১ টি চার ও ৩ টি ছয়ের সাহায্যে ১০৪ রানে অপরাজিত থাকেন। অপরপ্রান্তে অপরাজিত ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপল ১০৪ বলে ৬ টি চারের সাহায্যে ৫২ রান করেন।
বাংলাদেশ তাদের শেষ ম্যাচে শুক্রবার জিম্বাবুয়ের মুখোমুখী হবে।
টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং সবকটি উইকেট হারিয়ে ৪৬ দশমিক ৩ ওভারে ১৬১ রান সংগ্রহ করে ।
দলের পক্ষে আফতাব ৭ টি চার ও ২ টি ছয়ের সাহায্যে সর্বোচ্চ ৫৯ রান করেন। অপরদিকে ৬৮ বলে ৫ টি চারের সাহায্যে ৩৮ রান করেন ওপেনার শাহরিয়ার নাফিস। এছাড়া খালেদ মাসুদ ৫৯ বলে ২২ রান করেন। আফতাব, নাফিস ও মাসুদ ছাড়া বাংলাদেশের কোন ব্যাটসম্যানই দুই অংকের কোটায় পা রাখতে পারেনি।
ওয়েস্টইন্ডিজের পক্ষে ব্রাভো ১৪ রানে ৩ টি উইকেট দখল করেন।
স্যামুয়েল, টেইলর ও কলিমর প্রত্যেকেই দুটি করে উইকেট পান যথাক্রমে ২৭, ৩২ ও ৩৬ রানের বিনিময়ে।
