ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই বুধবার
উপমহাদেশের কোন চিহ্নই নেই ওই ২২ গজি জায়গাটিতে। ন্যাড়া, ঘাসবিহীন, লো বাউন্সের বদলে বাউন্সি, প্রায় ঘাসে ছাওয়া উইকেট- সবুজের ক্যানভাসে প্রায় সবুজ। ধরেই নেওয়া যায়, শক্ত এই উইকেটে সুইংও থাকবে প্রচুর।
রানও নাকি দেবে দুহাত উজার করে। যিনি পিচ তৈরি করেছেন, সেই কিউরেটর আব্দুল সাঈদ নিজেই এমনটা মনে করছেন। তার কথায়,‘রীতিমতো রানের ডালা নিয়ে বসে আছে। বল ব্যাটে আসবে ব্যটসম্যানরা যেভাবে চান ঠিক সেভাবে।’ প্রত্যেকটি ম্যাচ হাই স্কোরিং হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আব্দুল সাঈদের হিসেব--নিকেষে জয়পুরের সওয়াইমান সিং স্টেডিয়ামের পিচ বোলারদের জন্য বধ্যভূমি হলেও বাংলাদেশী ব্যাটসম্যানদের কারণেই পাল্টে যেতে পারে কিংবা পাল্টাতে হতে পারে এতো দিন ধরে সাঈদের তিল তিল করে অর্জিত সব ধারণা। বোলারদের ওই বধ্যভূমিই চরিত্র পাল্টে বাংলাদেশী ব্যাটসম্যানদের বধ্যভূমিতে পরিণত হলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। রাইজিং ডেলিভারি বা লাফিয়ে ওঠা বলে বাংলাদেশী ব্যাটসম্যানদের দুর্বলতা যে সর্বজনবিদিত। তাই বাঁচা--মরার এই ম্যাচে আফতাব, আশরাফুল, বাশারদের প্রতিপক্ষ শুধু ক্যারিবীয় পেস অ্যাটাকই নয়, জয়পুরের ঘাসে ছাওয়া বাউন্সি ও শক্ত উইকেটটিও।
দুই মাসেরও কম সময়ের মধ্যে তৈরি করা হলেও যথেষ্ট বাউন্স আছে উইকেটে। বলও ব্যাটে আসবে ঠিকঠাক। কিউরেটর সাঈদ মনে করছেন, রানও উঠবে বন্যার মতো। এক দিনের ম্যাচে দর্শকরা যা দেখতে চান। উইকেটের বর্তমান অবস্থায় সন্তুষ্টিই ঝরে পড়ে তার কণ্ঠ থেকে,‘উইকেটে ঘাস আছে বটে, কিন্তু তাই মাটিকে শক্ত করে ধরে রাখবে।’ অন্য কথায় ঘাস থাকায় উইকেটটি সহজে ভাঙবে না। এছাড়া গত কয়েক দিন ধরে আধা টনি রোলার দিয়ে রোল করা হচ্ছে নিয়মিত। ফলে আরো শক্ত হয়ে উঠেছে উইকেট, যা বাংলাদেশী ব্যাটসম্যানদের জন্য মাথাব্যাথার কারণ হয়ে উঠতে পারে। যদিও প্রচুর রানের কথা বলছেন কিউরেটর স্বয়ং।
বাংলাদেশ--ওয়েস্ট ইন্ডিজ ম্যাচগুলোর দিকে যদি পিছন ফিরে তাকানো যায়, তাহলে মন খারাপ হয়ে যেতে পারে যেকোন বাংলাদেশীর। ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও অস্ট্রেলিয়া, সাবেক ও বর্তমান মিলে এই চার বিশ্ব চ্যাম্পিয়নকে বাংলাদেশ হারাতে সক্ষম হলেও ওয়েষ্ট ইন্ডিজ এখনো রয়ে গেছে ধরা--ছোঁয়ার বাইরে। তাই বাশারদের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন বধ কাব্য রচনা শেষ করার একটা সুযোগও তৈরি হতে পারে বুধবার জয়পুরে। অনেকে একে স্বপ্ন মনে করতে পারেন। কিন্তু স্বপ্নই যে বাঁচিয়ে রাখে মানুষকে।
কিন্তু নিজেদের উদ্বোধনী ম্যাচে ৩১ দশমিক ৪ ওভারে মাত্র ৮৫ রানে জিম্বাবুইয়েকে গুটিয়ে দিয়ে খোস মেজাজে আছেন ওয়েস্ট ইন্ডিয়ান বোলাররা। ব্যাটসম্যানরাও বা কম কিসে। ৯০ রান তুলেছে ৩৫ ওভারেরও বেশি বল বাকি থাকতে। তাই পুরো দলটি এখন উজ্জীবিত থাকতেই পারে। মুখিয়ে থাকতে পারে আরো ভালো কিছু করার জন্য। অধিনায়ক ব্রায়ান লারা তো ভারতে নেমেই সাফ জানিয়ে দিয়েছেন, শিরোপা অক্ষুণœ রাখার জন্যই তারা উপমহাদেশে এসেছেন।
আর বাংলাদেশকে মাঠে নামতে হবে ‘অবশ্যই জয় চাই’ এমন একটা অবস্থান থেকে। অন্যথায় বেজে যাবে বিদায় ঘণ্টা। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বে খেলার সাধ আর পূরণ হবে না। তবে অনুশীলনে বাংলাদেশ দলকে দেখে মনে হচ্ছিল বিশ্ব চ্যাম্পিয়ন বধ কাব্য রচনা সম্পন্ন করতে তারা বধ্যপরিকর। শরীরী ভাষাতেও তা ফুটে উঠেছে সুস্পষ্ট। এ ব্যাপারে বাংলাদেশ দলের মনোভাব জানার জন্য কোচ, ম্যানেজার কিংবা অধিনায়কের সাথে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
