ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বুধবারের খেলায় চাপমুক্ত থাকতে হবে বাংলাদেশকে
জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দেওয়া আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজকে মোকাবিলায় চাপমুক্ত থাকলেই ভালো করবে বাংলাদেশ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মূলপর্বে জায়গা করে নিতে বুধবার জয়পুরে এ দুই দলের দেখা হচ্ছে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা নির্ধারণী খেলাগুলোকে যে ক্যারিবীয়রা হালকাভাবে নিচ্ছে না তার প্রমাণ রোববার প্রসপার উৎসেয়া ও তার জিম্বাবুইয়ান সহযোদ্ধারা ভালোভাবেই পেয়েছে।
ক্যারিবীয় অধিনায়ক ব্রায়ান চার্লস লারাও খেলার পরে ঘোষণা করেছেন, তুলনামূলক দুর্বল দলগুলোর বিরুদ্ধে এরকম বড় জয়ই তিনি চান।
অন্যদিকে মিডল অর্ডার নিয়ে সামান্য হতাশা থাকলেও শ্রীলঙ্কার সঙ্গে পরে ব্যাট করে ২৬৫ রান করাটাকে ইতিবাচক হিসেবেই দেখছে বাংলাদেশ। খেলোয়াড়রা নিজেদের নামের প্রতি সুবিচার করলেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দর্শকরা একটি ভালো লড়াই দেখতে পারবেন।
