২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোলারদের ভালো পারফরমেন্স আশা করছেন জয়বর্ধনে

জয় দিয়ে শুরু করলেও শ্রীলংকার অধিনায়ক মাহেলা জয়বর্ধনে মোটেও খুশি নন। বিশেষ করে বোলারদের পারফরমেন্সে যার পর নাই হতাশ। এখন কায়মনে প্রার্থনা করছেন বোলারদের ছন্দে ফিরে আসার। এ ব্যাপারে অবশ্য ভীষণ আশাবাদীও তিনি। কণ্ঠেও তার সেই সুর,‘ আশা করছি চ্যাম্পিয়নস ট্রফির বাকি ম্যাচগুলোতে বোলাররা তাদের ছন্দ খুঁজে পাবেন। বল করবেন নিঁখুত লাইন ও নিশানায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2006, 03:05 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

শনিবার দিবা-রাত্রির ম্যাচে বাংলাদেশকে ৩৭ রানে হারালেও লংকান বোলারদের পারফরমেন্স ছিল যাচ্ছে তাই। ২১টি ওয়াইড ও ৮টি নো বল করে তারা। মোট এক্সট্রা রান দেয় ৩৬, যা ছিল বাংলাদেশের ২৬৫ রানে দ্বিতীয় সর্বোচ্চ অবদান। এই পরিসংখ্যানে মোটেও সন্তুষ্ট নন জয়বর্ধনে। ভালো করার প্রয়োজন অনুভব করছেন একেবারে মনের ভেতর থেকে, কন্ঠে তার সেই প্রত্যয়ও,‘ উদ্বোধনী ম্যাচে আমরা আমাদের মান বজায় রেখে খেলতে পারিনি, এটা ঠিক। কিন্তু পরের ম্যাচগুলোয় আমরা ভালো খেলে দেখিয়ে দেবো।’

ভাল না খেলার একটা কারণও অবশ্য জয়বর্ধনে খুুঁজে পেয়েছেন, ‘বেশ কয়েক মাস ধরে আন্তর্জাতিক ম্যাচ আমরা খেলছি না। সম্ভবত এরই প্রভাব পড়েছে বাংলাদেশের বিরুদ্ধে ওই ম্যাচটিতে।’ বোলারদের যাচ্ছে তাই পারফরমেন্সের জন্য অনেকে শিশিরকে দায়ি করলেও জয়বর্ধনে তাদের দলে নেই। দুষলেন বোলারদেরই, ‘শিশিরের প্রভাব বোলিঙে পড়ার কথা নয়। কেননা শিশিরে মাঠ ভিজে যাওয়া শুরু করে মূলত রাত সাড়ে ৮টার পর থেকে। কিন্তু তার আগেই স্পিনাররা তাদের কোটা প্রায় শেষ করে ফেলেছেন। আসলে বোলারাই নিঁখুত লাইন ও নিশানা বজায় রেখে বল করতে পারেননি।’

তবে এর মধ্যেও ইতিবাচক দিক খুঁজে বের করার চেষ্টা করছেন জয়বর্ধনে। তিনি মনে করছেন আগামী ম্যাচগুলোতে আবহাওয়া কি ধরনের প্রভাব ফেলতে পারে সে সম্পর্কে একটা ধারণা তো অন্তত হলো,‘ পরে ফিল্ডিং করা আমাদের জন্য আক্ষরিক অর্থেই শাপেবর হয়েছে। পরের ম্যাচগুলোতে যে কি ঘটতে পারে, সে ব্যাপারে একটা ধারণা এখন আমরা করতে পারবো।’

শ্রীলংকার পরের ম্যাচ মঙ্গলবার জিম্বাবুয়ের বিরুদ্ধে আহমেদাবাদে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪ অক্টোবর মুম্বাইয়ে।