৩৭ রানে হেরে গেল বাংলাদেশ
শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকার পাহাড়সম ৩০২ রান তাড়া করতে গিয়ে ২৬৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ফলে ৩৭ রানের পরাজয় মেনে নিতে হয় বাশারের দলকে।
উদ্বোধনী জুটিতে ওপেনার শাহরিয়ার নাফিস ও মোহাম্মদ আশরাফুল ৫১ বলে করেন মাত্র ২২ রান। চামিন্ডা ভাসের বলে মাত্র ৫ রান করে শাহরিয়ার নাফিস সাঙ্গাকারার তালুবন্দী হন। ৫ রান করতে ২২ বল খরচ করেন শাহরিয়ার নাফিস।
এরপর মাঠে আসেন আফতাব আহমেদ। তিনি তার স্বভাবজাত আক্রমনাত্বক খেলা উপহার দিয়ে ৩১ বলে ৩৩ রান করেন। সেই সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ৫ ওভারে যোগ করেন ৩৩ রান। দলীয় ৫৫ রানের মাথায় আশরাফুল সাঙ্গাকারাকে একটি সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। তিনি ৪৩ বল খেলে যোগ করেন মাত্র ১৮ রান। অধিনায়ক হাবিবুল বাশার ০ রানে ফিরে গেলে সমূহ বিপাকে পড়ে বাংলাদেশ দল। তবে পঞ্চম উইকেট জুটিতে ফরহাদ ও সাকিব ৫৫বলে ৬৩ রান যোগ করেন। ফরহাদ মুরালিধরনকে ডাউন দ্য উইকেট খেলতে গিয়ে স্ট্যাম্পিং হন। তবে ফরহাদের ৩১বলের ৩৩ রানের ইনিংসটিতে দৃস্টিনন্দন পাঁচটি বাউন্ডারি ও একটি ছয়ের মার ছিল।
পঞ্চম উইকেট জুটির পতন হলে বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারালেও সাকিব অন্য প্রান্তে অবিচল থকেন ৬৭ রান করে।
তবে সাকিব মাশরাফি ও রাজ্জাকের সাথে যথাক্রমে ৪৯ ও ৩৯ রানের দুটি ইনিংস খেলেন।
এর আগে থারাঙ্গার ১০৫ রানের উপর ভর করে শ্রীলংকা ৮ উইকেট হারিয়ে ৩০২ রান সংগ্রহ করে।
