শ্যুটিং বয়কট অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ
শ্যুটার ও কর্মচারিদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে ১৫তম এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ শ্যুটিং ফেডারেশন (বিএসএফ) শ্যুটিং বয়কট অব্যাহত রাখার সিদ্ধান্ত নিেেছ।
গুলশান শ্যুটিং কমপ্লেক্সে বুধবার ফেডারেশনের নির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শ্যুটিং কমপ্লেক্সের গেটের সামনে পুলিশের গাড়ি পার্ক করা নিয়ে বিবাদের এক পর্যায়ে পুলিশ কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক বিজয়ী শুটার আসিফ এবং কোচ শোয়েবুজ্জামান ও কর্মচারিদের প্রহার করে।
বাংলাদেশ শ্যুটিং ফেডারেশনের এক বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়, ‘বিএসএফ পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত পুলিশের বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে এশিয়ান গেমস সামনে রেখে শ্যুটাররা ক্যাম্প ও অনুশীলন থেকে বিরত থাকবে।’
বিএসএফের নির্বাহী কমিটির বৈঠকে পুলিশের নির্যাতনের প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। বৈঠকে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে উপ পুলিশ কমিশনার (উত্তর) ওবায়েদুর রহমান, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব, এসআই ফয়সাল জামান এবং জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
