২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বর্ণপদক বিজয়ী শ্যুটার আসিফকে পুলিশের লাঠিপেটা: গ্রেফতারের পর জামিনে মুক্তি

কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী শ্যুটার আসিফ হোসেন খান ও অপর শ্যুটার শোয়েবুজ্জামান সোমবার দুপুরে গ্রেফতার হওয়ার পর বিকেলে জামিনে মুক্তি পেয়েছেন। বর্তমানে এরা দুজন মহাখালির মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2006, 08:39 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

বাংলাদেশ শ্যুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন চৌধুরী জানান, সিএমএম আদালত আসিফ ও শোয়েবকে জামিনে মুক্তি দিয়েছে। গুলশান শ্যুটিং ক্লাবের ফটকে পুলিশ ও আনসার সদস্যদের মারধর করার অভিযোগে দুপুরে এদের গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে।

এছাড়া গুলশান শ্যুটিং ক্লাবের এক নারী কর্মচারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, জাহাঙ্গীর, আলী হোসেন এবং জান্নাতুল ফেরদৌস। দুপুরেই গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়। তবে এদের তিনজনকে সিএমএম আদালত এখনো জামিনে মুক্তি দেয়নি। 

নাজিমউদ্দিন চৌধুরী অভিযোগ করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপ--কমিশনার ওয়াহিদুর রহমান এবং গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশ গুলশান শ্যুটিং কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করে জাতীয় শ্যুটারদের প্রচণ্ড মারধর করে। পরে তাদের গ্রেফতার করে নিয়ে যায়। 

পুলিশী হামলার প্রতিবাদে জাতীয় শ্যুটিং ফেডারেশন, বাংলাদেশ বিকেলে গুলশান শ্যুটিং কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলন আয়োজন করে। নেতৃবৃন্দ এই ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানান। দোষী পুলিশ কর্মকর্তাদের শাস্তিও দাবি করেন ফেডারেশন নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, পুলিশ ফেডারেশনের ডরমেটরিতে ঢুকে নির্বিচারে শ্যুটার ও অন্যান্য কর্মকর্তাদের মারধর করলে ২৫ জন আহত হয়।

আহতদের মধ্যে আসিফ, আলী হোসেন শিপু, কোচ শোয়েবুজ্জামান, বাবুর্চি জাহাঙ্গীর এবং নারী সদস্য জান্নাতুল ফেরদৌস রয়েছেন। 

স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২:৩০ এর দিকে গুলশান শ্যুটিং ক্লাবে ঢোকার মুখেই পার্ক করা ছিল পুলিশের উচ্চপদস্থ এক কর্মকর্তার গাড়ি। ওই গাড়ির কারণে ক্লাবের ভেতরে আসিফের ভাড়া করা গাড়ি প্রবেশ করতে না পারায় তিনি (আসিফ) পুলিশকে পার্ক করা গাড়িটি সরিয়ে ফেলতে অনুরোধ করেন।

এ সময় পার্ক করা গাড়ির ড্রাইভার মিজান ও অপর পুলিশ সদস্যদের সাথে তার তর্কবিতর্ক হয়। একপর্যায়ে আসিফ ক্লাবের ভেতরে পায়ে হেঁটে ঢোকেন। কিছুক্ষণ পর গুলশান থানার সাব ইন্সপেক্টর জসিম উদ্দিনসহ পুলিশের কয়েকজন সদস্য শ্যুটিং ক্লাবের ভেতরে প্রবেশ করে আসিফসহ আরও একজন শ্যুটারকে মারধর করে। পুলিশকে বাধা দিতে এলে ক্লাবের চার কর্মীকেও পুলিশ আটক করে।

স্থানীয়রা জানান, গাড়িটি ছিল পুলিশের মহাপরিদর্শক আনোয়ারুল ইকবালের। অপরদিকে গুলশান পুলিশ জানায়, গাড়িটির মালিক কে সে বিষয়ে তারা কিছু জানেন না।

অন্যদিকে গুলশান পুলিশ জানায়, আসিফ ও শ্যুটিং ক্লাবের কর্মীরা সাব ইন্সপেক্টর জসিম উদ্দিন, কনস্টেবল আবদুর রহমান ও আনসার সদস্য জিয়াউর রহমানকে মারধর করে। এ কারণে আসিফকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ দাবি করে।

আহত পুলিশদের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।