জেএফএ কাপ ফুটবলে ঢাকা চ্যাম্পিয়ন
দ্বিতীয় জেএফএ কাপ অনুর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্টের শিরোপা লাভ করেছে ঢাকা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার টুর্নামেন্টের ফাইনালে টাঙ্গাইলকে টাইব্রেকারে ৩ - ২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা।
নির্ধারিত সময়ে খেলা ২ - ২ গোলে অমীমাংসিত থাকে। টাইব্রেকারে বিজয়ী দলের জুয়েল রানা, রণবীর চাকমা এবং গোলাম কিবরিয়া গোল করেন। টাঙ্গাইলের পক্ষে দু’টি গোল করেন রনজিত এবং করিম তালুকদার।
নির্ধারিত সময়ের ১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে টাঙ্গাইলকে এগিয়ে দেন আউয়াল। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে ঢাকার পক্ষে গোল করে সমতা ফেরান বিপ্লব।
৬৪ মিনিটে ঢাকাকে এগিয়ে দেন জুয়েল রানা। কিন্তু ৮১ মিনিটে টাঙ্গাইলের হয়ে সমতাসূচক গোলটি করেন আউয়াল।
ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন ঢাকার গোলরক্ষক সুলতান আহমেদ শাকিল।
পাঁচ ম্যাচে ১১ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন টাঙ্গাইলের সৈয়দ মোহাম্মদ রফিক।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন মোসাদ্দেক আলী ফালু এমপি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এস এ সুলতান, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, টুর্নামেন্ট কমিটির সভাপতি আব্দুর রহিম, সম্পাদক আজফারুজ্জামান সোহরাব এবং ফুটবল ফেডারেশনের কমিউনিকেশন ম্যানেজার আহমেদ সাইদ আল ফাতাহ এসময় উপস্থিত ছিলেন।
