২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করাচি টেস্ট: পাকিস্তানের বড় লিডের নীচে চাপা পড়ছে ভারত

করাচির ন্যাশনাল স্টেডিয়ামের পিচ এই মুহূর্তে কার কথা শুনছে? এই প্রশ্নের জবাবে একটাই উত্তর হতে পারে, আর সেটা হলো, পাকিস্তান ব্যাটসম্যানদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2006, 07:45 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

যে পিচে প্রথম দুই দিনে ২৬টি উইকেটের পতন ঘটেছে, সেই পিচে সালমান বাট, ইমরান ফারহাত, ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ, ফয়সাল ইকবাল, আব্দুল রাজ্জাক এবং শহীদ আফ্রিদি ভারতীয় বোলারদের প্রথম দুই টেস্টের মত নাকাল করে ছাড়লেন অনেকটাই সাবলীলভাবে। দিনশেষে পাঁচ উইকেটে ৫১১ রান করে ৫১৮ রানের বিশাল লিড নিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সালমান বাট (৫৩) এবং ইমরান ফারহাত (৫৭) আগের দিনই ১০৯ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে রানের পাহাড়ের নীচে চাপা দেওয়ার দিকে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন। দুই উইকেটে ১৭৩ রানে পাকিস্তান যখন দ্বিতীয় দিনের খেলা শেষ করে তখন ১৮০ রানে এগিয়ে তারা।

তৃতীয় দিন ভারতীয় শিবিরে হতাশা আরও বাড়িয়ে দেন ইউনিস খান এবং মোহাম্মদ ইউসুফ। তৃতীয় উইকেট জুটিতে ১৫৮ রান করেন এই দুই ব্যাটসম্যান। তবে ভারতীয় বোলারদের চাইতে হতাশার অগুনে বেশি পুড়তে হয়েছে মোহাম্মদ ইউসুফকে।

মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন ইউসুফ। ১৬১ বলে ডজনখানেক বাউন্ডারির মাধ্যমে সাজানো ইউসুফের ৯৭ রানের সমাপ্তি ঘটে কুম্বলের ঘূর্ণি বলে। এর আগে ৭৭ রান করে ইউনিসও কুম্বলের স্পিনে কুপোকাত হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ১২২ বল খরচায় ১১টি চারে এই রান করেন পাক অধিনায়ক। দু’জনই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন বিদায় নেন।

পঞ্চম উইকেট জুটিতে ফয়সাল ইকবাল এবং শহীদ আফ্রিদি ৮৪ রানের আরেকটি বড় পার্টনারশিপ গড়ে তোলেন।

অফ্রিদি তার স্বভাবসুলব ভঙ্গিতে খেলে গেছেন। মাত্র ৪৬ বলে নয়টি চার এবং একটি ছক্কার মাধ্যমে দ্রুতগতিতে ৬০ রান করে আরপি সিংয়ের বলে টেন্ডুলকারের হাতে ক্যাচ দেন এই হার্ড হিটার।

ফয়সালের সাথে জুটি বাধেন আব্দুল রাজ্জাক। ইউনিস-ইউসুফ জুটির পর ভারতীয় বোলারদের দিনের বাকিটা সময় হতাশায় ডুবিয়ে রেখেছেন এই দুই ব্যাটসম্যান। আম্পয়াররা দিনের খেলার সমাপ্তি টানার আগ পর্যন্ত ষষ্ঠ উইকেট জুটিতে ১০৯ রান করে অবিচ্ছিন্ন রয়েছেন ফয়সাল এবং রাজ্জাক।

প্রাপ্তি আছে আরও। ফয়সাল ইকবাল দেখা পেয়েছেন তার প্রথম টেস্ট সেঞ্চুরির। কুম্বলের বলে বাউন্ডারি হাঁকিয়ে তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছে যান ফয়সাল। ১৯১ বলে ১২টি চারে ১০৩ রান করে অপরাজিত রয়েছেন তরুণ এই ব্যাটসম্যান। আরেক অপরাজিত ব্যাটসম্যান আব্দুল রাজ্জাক ৯২ বলে দু’টি করে চার ও ছক্কায় ৪৪ রান করেছেন।

ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড় সাতজন বোলার ব্যবহার করেও তিনটির বেশি উইকেট তুলে নিতে পারেননি। এর মধ্যে আবার কুম্বলে একাই নিয়েছেন দু’টি উইকেট। অপর উইকেটটি গেছে আরপি সিংয়ের ঝুলিতে।