২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানকে হারিয়ে প্রিমিয়ার ক্রিকেটের শিরোপার দ্বারপ্রান্তে ডিওএইচএস

একটেল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপার দ্বারে কড়া নাড়ছে বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস। বিকেএসপি - ২ মাঠে সোমবার সুপার সিক্সে মোহামেডানের বিরুদ্ধে গুরুত্বপূর্ন খেলায় ১২১ রানের বড় জয় নিয়ে শিরোপার একেবারে দ্বারপ্রান্তে চলে এসেছে চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 08:48 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিরুদ্ধে শেষ দু’টি ম্যাচের একটিতে জয় ডিওএইচএসকে আরেকবার শিরোপা ঘরে তোলার সুযোগ করে দেবে। ডিওএইচএস’র বর্তমান পয়েন্ট ২৪।

অন্যদিকে একপেশে ম্যাচে চ্যাম্পিয়নদের কাছে হেরে শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব (১৮ পয়েন্ট)। কিন্তু একইদিন ব্রাদার্স ইউনিয়নকে ছয় উইকেটে হারিয়ে আর্বিভাবেই রানার্স আপ হওয়ার সম্ভাবনা ধরে রেখেছে সোনারগাঁও ক্রিকেটার্স।

এদিকে বিকেএসপি - ১ মাঠে অনুষ্ঠিত রেলিগেশন লিগের খেলায় ইন্দিরা রোড সাত রানে অগ্রনী ব্যাংককে হারিয়ে প্রিমিয়ার লিগে নিজেদের স্থান ধরে রেখেছে। আর পরাজয়ের ফলে প্রিমিয়ার থেকে প্রথম বিভাগে নেমে গেল অগ্রনী ব্যাংক। এর আগে ওরিয়েন্ট ক্লাবও প্রথম বিভাগে নেমে গেছে।

ডিওএইচএস বনাম মোহামেডান

প্রথম ব্যাট করে ডিওএইচএস ৫০ ওভারে নয় উইকেট খুইয়ে এবারের লিগে সর্বোচ্চ ৩১৯ রান করে। আর ফরহাদ রেজা এবং নাজিমুদ্দিনের দু’টি ঝকঝকে হাফ সেঞ্চুরিতে ভর করেই এই স্কোর গড়ে চ্যাম্পিয়নরা।

ফরহাদ রেজা সেঞ্চুরি থেকে ছয় রান দুরে থাকতে মনিরুলের বলে মঞ্জুরুলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। ৮৬ বলে সাজানো ফরহাদের ইনিংসে দশটি চার এবং দু’টি ছক্কার মারও ছিল। নাজিমুদ্দিন ৬৩ বলে করেন মূল্যবান ৫৫ রান।

দলের ইনফর্ম ব্যাটসম্যান স্টিভ টিকোলো ৪৩ বলে ৪৩ রান করেন। এছাড়া মাঞ্জারুল ইসলাম ৩৪ রানে অপরাজিত থাকেন।

জবাবে মোহামেডান উদ্বোধনী জুটিতে ৫৩ রান সংগ্রহ করলেও পরবর্তী মাত্র ১৭ রানের মধ্যে তিন উইকেট হারায়। এক পর্যায়ে ৭০ রানে চার উইকেট হারায় শিরোপা প্রত্যাশীরা।

শেষ পর্যন্ত ৪২ তম ওভারের প্রথম বলে ১৯৮ রানে গুটিয়ে যায় মোহামেডানের ইনিংস।

দলের পক্ষে খালেদ মাসুদ সর্বোচ্চ ৪১ রান করেন। এছাড়া হান্নান সরকার ৩৪ এবং ধীমান ঘোষ ২৯ রান করেন।

ডিওএইচএস’র অভিজ্ঞ স্পিনার এনামুল হক মনি তিনটি, খালেদ মাহমুদ, মাঞ্জার রানা এবং শাহাদাত রাজিব দু’টি করে উইকেট লাভ করেন।

সোনারগাঁও বনাম ব্রাদার্স

প্রথম ব্যাট করতে নেমে পাকিস্তানি রাশেদ হানিফের ৮৯ এবং গাজী সালাহউদ্দিনের ৬৪ রানে ভর করে ব্রাদার্স ইউনিয়ন সবকটি উইকেট হারিয়ে ২৪৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে।

তাপস বৈশ্য এবং মোহাম্মদ রফিক দু’টি উইকেট লাভ করেন।

জবাবে সোনারগাঁও ক্রিকেটার্স আল শাহরিয়ার রোকনের ৬৩ রানের সুবাদে এক বল বাকি থাকতে সাত উইকেটে ২৫৩ রান করে জয় তুলে নেয়। অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও ৪৩ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে দলের জয়ে মুখ্য ভূমিকা পালন করেন। এছাড়া মানবিন্দর সিং করেন ৩৫ রান।

ভিক্টোরিয়া বনাম বিমান

ধানমন্ডি স্টেডিয়ামে প্রথম ব্যাট করে বিমান নয় উইকেটে ২৫৭ রান করে। নাজমুস সাদাত সর্বোচ্চ ১০৬ রান করেন। ১৩৫ বলে ১২টি বাউন্ডারির মাধ্যমে এই রান করেন নাজমুস। এছাড়া মুশফিকুর রহমান ৩৮, সানোয়ার হোসেন ৩৩ এবং মোশাররফ রুবেল ৩০ রান করেন।

জবাবে ভিক্টোরিয়া নয় উইকেটে ২৬০ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফরহাদ হোসেন ৭৪ রানে অপরাজিত থাকেন। নাজিমুদ্দিন ৪৪, মাহবুব আলম ৪২ এবং গোলাম মাবুদ ২৬ রান করেন।

ইন্দিরা রোড বনাম অগ্রনী ব্যাংক

প্রথম ব্যাট করে ইন্দিরা রোড ১৯৭ রানে অল আউট হয়। দলের পক্ষে নাজমুল হোসেন ৮০ রান করেন।

জবাবে অগ্রনী ব্যাংক ৫০ ওভারে নয় উইকেটে ১৯১ রান করতে সক্ষম হয়। আনিসুল হাকিম ৭০ রানে অপরাজিত থাকেন।