২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দলের পৃষ্ঠপোষকতা করবে ঢাকা ব্যাংক

আসন্ন আইসিসি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলকে স্পন্সর করবে ঢাকা ব্যাংক। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে ৫ ফেব্র“য়ারি থেকে শুরু হবে জুনিয়রদের বিশ্বকাপ। বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল কলম্বোর উদ্দেশ্যে সোমবার ঢাকা ছাড়বে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 07:05 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ঢাকা ব্যাংক শুধুমাত্র আইসিসি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপেই বাংলাদেশের সাথে থাকবেনা, পুরো এক বছর (২০০৬) সব ধরনের প্রতিযোগিতায় জুনিয়র টাইগারদের পৃষ্ঠপোষকতা করবে। 

সম্প্রতি ঢাকা ব্যাংক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী স্পন্সরশীপ বাবদ ঢাকা ব্যাংক ব্যয় করবে ২৫ লাখ টাকা।

চুক্তি আগে স্বাক্ষরিত হলেও স্পন্সরশীপের বিষয়টি রোববার সংবাদ সম্মেলন ডেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মাহবুব আনাম, যুগ্ম সম্পাদক রিয়াজউদ্দিন আল মামুন, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শহীদ নোমান, উপ ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রশিদ, ক্রিকেট বোর্ডের সদস্য খন্দকার জামিলউদ্দিন এবং বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশ ‘এ’ গ্রুপে নিউজিল্যান্ড, পাকিস্তান এবং উগান্ডার বিরুদ্ধে খেলবে।

সম্মেলনে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, দেশের ক্রীড়া, বিশেষ করে ক্রিকেটের উন্নয়নের স্বার্থে সামাজিক দায়িত্ব হিসিবেই তার প্রতিষ্ঠান যুবদলকে পৃষ্ঠপোষকতা করছে। তিনি বলেন, এর মধ্য দিয়ে ঢাকা ব্যাংক সামাজিক কাজের পুরস্কার লাভ করলো। এর ফলে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। তিনি আগামী দিনগুলোতেও এই দায়িত্ব পালন করে যাওয়ার অঙ্গীকার করেন।

অনুর্ধ্ব ১৯ দল দেশের জন্য সম্মান বয়ে আনতে পারবে বলে আশা প্রকাশ করেন ফজলুর রহমান।

অনুর্ধ্ব ১৯ দলের অধিনায়ক মুশফিকুর রহিম মনে করেন, বোর্ডের সাথে ঢাকা ব্যাংকের এই সম্পৃক্ততা তার দলকে আরও উৎসাহিত করবে। অধিনায়ক জাতির আশা পূরণে সর্বাত্মক চেষ্টা করার প্রতিশ্র“তি দেন। 

টুর্নামেন্টের লড়াইয়ে নামার আগে বাংলাদেশ ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ৩ ফেব্র“য়ারি জিম্বাবুয়ের বিরুদ্ধে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৫ ফেব্র“য়ারি টুর্নামেন্টের উদ্বোধনী দিনে কলম্বোর পি সারাভানামুত্তু স্টেডিয়ামে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। উদ্বোধনী দিনে আরও তিনটি খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে এবং ৯ ফেব্র“য়ারি উগান্ডার বিরুদ্ধে বাকি দু’টি ম্যাচ খেলবে।

বাংলাদেশ স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), শামসুর রহমান, তামিম ইকবাল, মেহেদী হাসান, মেহরাব হোসেন জুনিয়র, সাকিবুল হাসান, রকিবুল হাসান, রেজাউল ইসলাম, সিরাজুল্লাহ খাদেম, সোহরাওয়ার্দী শুভ, ডলার মাহমুদ, ইশরাক সনেট, কামরুল ইসলাম ও নাবিল সামাদ।

কর্মকর্তা: অলিস্টার ডি উইন্টার (কোচ), নাজমুল আবেদীন (সহকারী কোচ), গোলাম নওশের প্রিন্স (ম্যানেজার), স্যামুয়েল বায়ার্ন (ট্রেইনার কাম ফিজিও) এবং মোহাম্মদ সালাহউদ্দিন (কম্পিউটার অ্যানালিষ্ট)।