ভারত-পাকিস্তান সিরিজ: করাচিতে রেজাল্ট চান দুই অধিনায়ক
নিষ্ফল প্রথম দুই টেস্টের পর করাচিতে চূড়ান্ত ও শেষ টেস্টে ফলাফল পেতে মরিয়া চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানের দুই অধিনায়ক। রোববার থেকে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ন হচ্ছে দুই দল।
ম্যাচের আগে করাচি স্টেডিয়ামের সবুজ, শক্ত পিচ দেখে বেশ উচ্ছসিত দুই অধিনায়ক। দু’জনরেই আশা এই পিচে ফলাফল আসবে।
স্বাগতিক অধিনায়ক ইনজামাম উল হক জানিয়েছেন, করাচির পিচ সিরিজের সেরা স্পোর্টিং পিচ। আর এই উইকেটে ক্রিকেটারদের ভালো খেলে রেজাল্ট বের করে নিয়ে আসার কাজটা করতে হবে।
ভারতীয় দলনায়ক রাহুল দ্রাবিড় করাচির উইকেটকে খুব বেশি ভালো উইকেট হিসেবেই দেখছেন। ‘এখানে ভালো খেলার ব্যাপারে আমার মনে কোন দ্বিধা নেই। প্রথমে হয়তো একটু অসুবিধা হবে কিন্তু পরে ব্যাটিংয়ের জন্যে খুবই ভালো উইকেটে পরিণত হবে’।
যদিও প্রথম দুই টেস্টের উইকেটও নিরেট ব্যাটিং সহায়ক ছিল, কিন্তু সেখানে শুধু কথা বলেছে ব্যাটসম্যানদের উইলো, বোলাররা খুব একটা সুবিধে করতে পারেননি। রাহুলের মতে, করাচির স্পোর্টিং পিচে বোলাররা যথেষ্ট বাউন্স ও মুভমেন্ট পাবেন।
এদিকে শেষ টেস্টের জন্যে ভারত ১৩ সদস্যের সংক্ষিপ্ত স্কোয়াড ঘোষণা করেছে। ১৬ জনের স্কোয়াড থেকে উদ্বোধনী ব্যাটসম্যান ওয়াসিম জাফর, গৌতম গম্ভীর এবং অতিরিক্ত উইকেটরক্ষক পার্থিব প্যাটেলকে বিবেচনা করা হয়নি।
এর ফলে করাচি টেস্টে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির খেলার রাস্তাটা অনেকটাই পরিস্কার হয়ে গেল। গাঙ্গুলি প্রথম টেস্টে ব্যাট হাতে নামরই সুযোগ পাননি আর দ্বিতীয় টেস্টের স্কোয়াডে পাঁচ বোলারকে জায়গা করে দিতে সরে দাঁড়াতে হয় সাবেক অধিনায়ককে।
অধিনায়ক দ্রাবিড় চূড়ান্ত টেস্টের জন্যে এমন স্কোয়াড চেয়েছেন, যে স্কোয়াড তাকে ২০টি উইকেট এনে দিতে পারবে। এ ব্যাপারে তার মনোভাব যেহেতু সবকিছুর চূড়ান্ত কথা হচ্ছে জয়, তই জয় পেতে হলে পাঁচদিন পজিটিভ ক্রিকেট খেলতে হবে।
প্রথম দুই টেস্টে কোন উইকেটের মুখ না দেখা স্পিনার হরভজন সিংয়ের জায়গায় সৌরভের দলে অর্ন্তভুক্তির বিষয়টি উড়িয়ে দেননি রাহুল। এছাড়া যুবরাজের দলে ফেরার ব্যাপারে বেশ জোরালো আভাসই দিয়েছেন তিনি।
ভারত স্কোয়াড প্রায় চূড়ান্ত করে ফেললেও পাকিস্তান তাদের অধিনায়ক ইনজামামের সেরে ওঠার জন্যে অপেক্ষায় রয়েছে। অপেক্ষার পর্বটি ম্যাচের দিন টস পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। টসে আগেই দল চূড়ান্ত করে ফেলবে স্বাগতিকরা। ফয়সালাবাদ টেস্টের সময় থেকেই পিঠের ব্যাথায় ভুগছেন ইনজি।
ইনজামাম নিজে জানিয়েছেন ফিরে আসার জন্যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদি ফিরে আসা সম্ভব না হয়, সেক্ষেত্রে দলকে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক ইউনিস খান এবং ওপেনার ইমরান ফারহাত এবং মিডল অর্ডার ব্যাটসম্যান ফয়সাল ইকবাল দলে অর্ন্তভুক্ত হবেন।
এদিকে দলের মূল স্ট্রাইক বোলার শোয়েব আখতার বাঁ পায়ের গোড়ালির ইনজুরি থেকে সেরে উঠেছেন। করাচিতে বল হাতে শোয়েবের নামার ব্যাপারে নিশ্চিত করেছেন ইনজামাম।
পাক অধিনায়ক তিন পেসার নিয়ে খেলতে আগ্রহী। শোয়েবের জায়গা পাকাপোক্ত, মোহাম্মদ আসিফ, রানা নাভেদ, উমর গুল এবং মোহাম্মদ সামির মধ্য থেকে বেছে নিতে বাকি দু’জনকে।
ভারতীয় স্কোয়াড: রাহুল দ্রাবিড় (অধিনায়ক), বীরেন্দ্র শেওয়াগ, ভিভিএস লক্ষণ, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, যুবরাজ সিং, মহেন্দ্র ধোনী, ইরফান পাঠান, অজিত আগারকার, জহির খান, অনিল কুম্বলে, হরভজন সিং, রুদ্র প্রতাপ সিং।
পাকিস্তান স্কোয়াড: ইনজামাম উল হক (অধিনায়ক), সালমান বাট, ইমরান ফারহাত, ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ, ফয়সাল ইকবাল, শহিদ আফ্রিদি, আব্দুল রাজ্জাক, কামরান আকমল, শোয়েব আখতার, রানা নাভেদ, দানিশ কানেরিয়া, মোহাম্মদ আসিফ, উমর গুল, মোহাম্মদ সামি, আরশাদ খান।
