ইউএই’র বিরুদ্ধে বাংলাদেশ এ দলের বড় জয়, মাঠে ফিরেছেন মাশরাফি
ইনজুরির কারণে দীর্ঘ পাঁচ মাস মাঠের বাইরে কাটানোর পর বৃহস্পতিবার আবারও বল হাতে মাঠে নামলেন দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজা। খূলনা বিভাগীয় স্টেডিয়ামে সফররত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে বাংলাদেশ এ দলের হয়ে মাঠে নামেন মাশরাফি। ম্যাচে বাংলাদেশ ১১৪ রানের বড় ব্যবধানে হারায় সফরকারীদের।
‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি ছয় ওভারের স্পেলে ২১ রান খরচায় দুই উইকেট লাভ করেন।
প্রথম ব্যাট করে রাজিন সালেহ’র নেতৃত্বাধীন বাংলাদেশ এ দল নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ২৬৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। দলের পক্ষে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তুষার ইমরান এবং গোলাম রহমান।
তুষার ৫৪ বলে সর্বোচ্চ ৭০ এবং গোলাম রহমান ৮৯ বলে ৬৯ রান করেন। এছাড়া ওপেনার রাজিন সালেহ ৪৫, ফরহাদ রেজা এবং মাশরাফি ১৫ রান করে সংগ্রহ করেন। ইউএই দলের সাকিব আলী ২৮ রানে দুই উইকেট লাভ করেন।
জবাবে ইউএই দল স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৫৫ রানে অলআউট হয়ে যায়। মাশরাফি ছাড়াও অলক কাপালী এবং মাহবুবুল আলমও দু’টি করে উইকেট লাভ করেন।
সফরকারী দলের ফাহাদ উসাম সর্বোচ্চ ৩৭ রান করেন। এছাড়া সাকিব আলী করেন ৩২ রান।
সফরকারীরা এর আগে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের ক্রিকেটারদের নিয়ে গড়া বাংলাদেশ একাডেমি দলের বিরুদ্ধেও দুই ম্যাচে পরাজিত হয়।
