২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএফএ কাপের সেমিফাইনালে রাঙ্গামাটি

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার জেএফএ কাপ অনুর্ধ্ব-১৬ টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে রাঙ্গামাটি ও গাইবান্ধার ম্যাচটি ৩-৩  গোলে ড্র হয়েছে। তিন ম্যাচে চার পয়েন্ট অর্জন করে রাঙ্গামাটি সেমিফাইনালে পৌঁছে গেছে। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 08:20 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

গাইবান্ধার মাহমুদ হাসান কবির খেলার ২৩ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিলেও রাঙ্গামাটির লক্ষ্মী চাকমা খেলার ৫০ মিনিটের মাথায় সমতা ফিরিয়ে আনেন।

৫৩ মিনিটের মাথায় কবির আবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে দেন। নাবিদ নেওয়াজ খান ৬৫ মিনিটের মাথায় গোল করে গাইবান্ধাকে ৩-১ গোল ব্যবধানে দলকে এগিয়ে দেন।

জ্ঞান চাকমা ৮৫ ও ৮৭ মিনিটের মাথায় দু’টি গোল করে খেলায় আবার সমতা ফিরিয়ে আনেন।

একই ভেন্যুতে একই গ্রুপের দিনের অপর ম্যাচে ঢাকা ৪-০ ব্যবধানে বাগেরহাট দলকে হারিয়ে দিয়েছে।

ঢাকার পক্ষে খেলার প্রথমার্ধের ১৬ মিনিটের মাথায় জুয়েল রানা প্রথম গোল ও প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে রণবীর চাকমা দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন।

সজল আহমেদ ৫৫ মিনিটের মাথায় দলকে আবার গোল পাইয়ে দেন।  রুবেল মৃধা ৭৭ মিনিটের মাথায় গোল করে বাগেরহাটের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

অবশ্য ‘এ’ গ্রুপ থেকে ঢাকা ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের শেষ দিনে গ্রুপ ‘বি’ থেকে টাঙ্গাইল নারায়ণগঞ্জের এবং কুড়িগ্রাম সাতক্ষীরার মোকাবিলা করবে।

‘বি’ গ্রুপ থেকে এখন পর্যন্ত কেউই সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি। নারায়ণগঞ্জ ও সাতক্ষীরার দুই ম্যাচে অর্জন চার পয়েন্ট ও টাঙ্গাইলের সংগ্রহ তিন পয়েন্ট।