পাক-ভারত সিরিজ: ফয়সালাবাদেও ফয়সালা হলো না
কি হয়নি ফয়সালাবাদ টেস্টে? দু’দলের ছয়টি সেঞ্চুরি, সবমিলিয়ে ১৭০২ রান, শেষ দিকে ভারতীয় উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনীর বোলারের বনে যাওয়া, সব কিছুই হয়েছে, হয়নি শুধু ফয়সালা।
এ ম্যাচে রেকর্ড ২৭ টি ছক্কা মেরেছেন ব্যাটসম্যানরা, আর টেস্টে এটা সপ্তম সর্বোচ্চ রানের রেকর্ড।
টেস্টে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর এর আগের রেকর্ডটির মালিক ইংল্যান্ড। ২০০২ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩টি ছক্কার এ রেকর্ড গড়ে ইংলিশরা।
ফয়সালাবাদ টেস্টের পরিণতি সম্পর্কে ম্যাচের তৃতীয় দিনই আঁচ পাওয়া গিয়েছিল। শেষ পর্যন্ত তাই হয়েছে, অর্থাৎ লাহোরের মত ফয়সালাবাদ টেস্টের কোন ফয়সালা হলো না। ব্যাটসম্যানদের প্রভাব, বোলারদের অসহায়ত্ব, সর্বোপরি নিষ্ফলা আরেকটি ম্যাচের সাদাকালো স্মৃতি নিয়ে ফিরে গেছেন ফয়সালাবাদের দর্শকরা।
তবে এরকম একটি নিষ্ফলা ম্যাচ দেখতে দর্শকরা যে পাঁচ দিনই মাঠে এসেছেন সেজন্য তারা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। একটি রান, একটি চার অথবা একটি ছক্কার সাথে সাথে উদ্বেলিত দর্শকদের দেখে মনে হতে পারে দর্শক বুঝি শুধু রানই দেখতে পছন্দ করে, কিন্তু রানের পাশাপাশি বোলারদের উইকেট শিকারেও যে তাদের আনন্দ আরও বহুগুন বেড়ে যেত সেটা বলাই বাহুল্য।
রান বন্যার পাশাপাশি ব্যাটসম্যানরা তাদের ব্যাটিং সক্ষমতা প্রমাণ করে একের পর এক সেঞ্চুরি তুলে নিয়েছেন। বিপরীতে বোলাররা উইকেট না পাওয়ার আফসোসে পুড়েছেন।
আগের দিন পাকিস্তান এক উইকেটে ১৫২ রান তুলে ভারতীয় শিবিরে যে হতাশা ছড়িয়ে দিয়েছিল পঞ্চম দিনে সেটা আরও দীর্ঘায়িত হয়েছে ইউনিস খান এবং মোহাম্মদ ইউসুফের সিরিজে টানা দ্বিতীয় সেঞ্চুরিতে।
তবে লাহোর টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করে হৈচৈ ফেলে দেওয়া উইকেটরক্ষক কামরান আকমল যে টানা দ্বিতীয় সেঞ্চুরি না পেয়ে যথেষ্ট হতাশ হয়েছেন আউট হওয়ার পর তার চেহারায় তা স্পষ্টই ধরা পড়েছে। প্যাভিলিয়নে ফিরে দলীয় কম্পিউটার এনালিস্টের কাছে গিয়ে বারবার তার আউট হওয়ার ধরন দেখে মাথা নাড়ানোতেই প্রকাশ পেয়েছে কামরানের হতাশা। ইরফান পাঠানের আউট সুইং বল কামরানের ব্যাটে চুমু দিয়ে গালিতে দাঁড়ানো কুম্বলের হাতে গিয়ে জমা পড়ে।
কামরানের আউটের পর ইউনিস এবং ইউসুফ তৃতীয় উইকেট জুটিতে ২৪২ রানের পার্টনারশিপ গড়ে দলকে পুরোপুরি নিরাপদ অবস্থানে নিয়ে যান। ইউসুফ ১৭৯ বলে ১১টি চার এবং চারটি ছক্কার মাধ্যমে ১২৬ রান করে এখন পর্যন্ত সিরিজে সফলতার মুখ না দেখা ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরের থ্রোতে রান আউট হয়ে যান।
তবে পাকিস্তান যে কারণে ভারতকে আর ব্যাটিংয়ের সুযোগ দেয়নি সে আশা তাদের পূরণ হয়নি। প্রথম টেস্টের মত এই টেস্টেও ডাবল সেঞ্চুরি মিস করেছেন ইউনিস খান। প্রথম টেস্টে ১৯৯ রানে আউট হয়েছিলেন। আর ফয়সালাবাদে আউট হন ১৯৪ রানে। ৩০০ বল খেলে ২২ টি চার এবং একটি ছক্কায় সাজানো ছিল ইউনিসের ইনিংস।
শেষ পর্যন্ত আট উইকেটে ৪৯০ রানে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘটে। ইনজুরির কারণে ইনজামাম এবং বাবার অসুস্থতার কারণে শোয়েব মালিক দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে না নামায় এখানেই থামিয়ে দিতে হয় পাকিস্তানের ইনিংসের চাকা। ৪২৩ রানে মোহাম্মদ ইউসুফ আউট হওয়ার পর ৬৭ রানের মধ্যে শেষ পাঁচ উইকেট হারায় পাকিস্তান। এর মধ্যে শেষ চার ব্যাটসম্যান আউট হন দলের ৪৯০ রানের মাথায়। ভারতের সামনে পাকিস্তান ৪৭৫ রানের লিড দাঁড় করায়।
শেষ বিকেলে চার উইকেট নিয়ে ভারতীয় বোলারদের মধ্যে সফল ছিলেন জহির খান। ইরফান পাঠান, আরপি সিং এবং কুম্বলে একটি করে উইকেট লাভ করলেও অভিষিক্ত বোলার মহেন্দ্র ধোনী এক ওভার বল করে ১৩ রান দিলেও কোন উইকেট পাননি।
ভারতের দ্বিতীয় ইনিংসের সূচনা করেন ভিভিএস লক্ষণ এবং অধিনায়ক রাহুল দ্রাবিড়। বিনা উইকেটে ২১ রান করার পরই ম্যাচের সমাপ্তি টানেন আম্পয়াররা।
তৃতীয় এবং টেস্ট করাচিতে রোববার থেকে শুরু হবে।
