বিশ্বকাপের স্টেডিয়ামগুলো নিয়ে উদ্বিগ্ন নই : ব্লাটার
বিশ্ব ফুটবল পরিচালনা পর্ষদ (ফিফা) এর প্রধান সেপ ব্লাটার বলেছেন, এই বছরে জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের স্টেডিয়ামগুলোর নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন নন।
ডভোস বিশ্ব অর্থনীতি ফোরামের আয়োজিত অনুষ্ঠানে ফিফা প্রেসিডেন্ট বলেন, “স্টেডিয়ামসমূহের নিরাপত্তার দায়িত্ব জার্মান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর। স্টেডিয়ামের নিরাপত্তার বিষয়টি ফিফা’র দায়িত্ব নয়।
বিশ্বকাপের ভেন্যু স্টেডিয়ামগুলোর সম্পর্কে গত মাসে ’স্টিফটাং ওয়ারেনটিস্ট’ ভোক্তা গোষ্ঠির প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে ব্লাটার এ বক্তব্য দেন।
প্রতিবেদনটিতে কাইজারসলেউটার্ন, লিপজিগ, গেলসেনকিরচিন এবং বার্লিন স্টেডিয়ামের দুর্বলতার কথা বলা হয়েছে।
ব্লাটার জানান, ইতোমধ্যেই উল্লেখিত এবং পূর্বে চিহ্নিত স্টেডিয়ামসমূহের নিরাপত্তার বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, “আমরা নিরাপত্তার বিষয়ে চিন্তিত নই কারণ ইতোমধ্যেই আমরা তিন বা চারটি স্টেডিয়ামের দুর্বলতা চিহ্নিত করে তা দূরীকরণের জন্য পদক্ষেপ নিয়েছি।
