২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিবি সিরিজে শ্রীলংকার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার নাটকীয় জয়

জমে উঠেছে তিনজাতির ভিবি সিরিজ। সিরিজের তিন দল- স্বাগতিক অস্ট্রেলিয়া এবং দুই অতিথি শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা লড়ে যাচ্ছে সমানতালে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 07:23 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

একবার এই দল হারছে তো আরেকবার ওই দল জয় তুলে নিচ্ছে। তবে সিরিজের শুরুতে আন্ডারডগ থাকা শ্রীলংকা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে করে ট্রফি কোন দিকে যায় সেটা এখনও পরিস্কার নয়।

দক্ষিণ আফ্রিকা (২৬৩/৫) মঙ্গলবার অ্যাডিলেডে সিরিজের ষষ্ঠ ম্যাচে শ্রীলংকাকে (২৫৪/৮) নয় রানে হারিয়ে আরও জমিয়ে তুলেছে সিরিজ।

টসে জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও ৭২ রানে দুই উইকেট পড়ে গেলে অধিনায়কের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। কিন্তু দুই উইকেট হারানোর ব্যাপারটি গায়েই মাখেননি উদ্বোধনী ব্যাটসম্যান বোয়েটা ডিপেনার এবং মিডল অর্ডারে হার্শেল গিবস। গিবস ৬৮ রানে আউট হয়ে গেলেও ডিপেনার খেলেছেন ইনিংসের আদ্যেপান্ত। ১৪৫ বলে সাতটি চারের মাধ্যমে খেলেছেন ১২৫ রানের হার না মানা একটি ইনিংস।

দক্ষিণ আফ্রিকার সূচনা একেবারে খারাপ হয়েছিল বলা যায়না, স্মিথ এবং ডিপেনার উদ্বোধনী জুটিতে ৭২ রান করে দলের ভিত শক্ত করার দিকেই এগোচ্ছিলেন। কিন্তু শ্রীলঙ্কান স্পিনার মুরলিধরনের একটি ম্যাজিক স্পেলে ৭২ রানেই সাজঘরে ফেরেন স্মিথ (২৮) এবং ভ্যান ডার ওয়াথ (০)। ২৯ রান পর জ্যাক রুডলফকে (১১) নিজের বলে ক্যাচ ধরে ফিরিয়ে দেন দিলশান।

এখান থেকেই ডিপেনার এবং গিবসের লড়াই শুরু। চতুর্থ উইকেট জুটিতে দু’জনে মিলে ১১৯ রান তুলে দলকে নিরাপদ অবস্থানে নিয়ে যান। ডিপেনার একপ্রান্ত আগলে খেলে গেলেও গিবস ছিলেন বিধ্বংসী। ৬৫ বলে চারটি বাউন্ডারি আর তিনটি ছক্কার মাধ্যমে ৬৮ রান করে পেরেরার বলে বোল্ড হন গিবস।

দক্ষিণ আফ্রিকা পুরো ৫০ ওভার খেলে পাঁচ উইকেটে যে ২৬৩ রান করে তার জন্যে কৃতিত্ব যতটা না তাদের তারচেয়ে বেশি ব্যর্থতা লংকান বোলারদের। একমাত্র মুরলিধরন দুই উইকেট শিকার করা ছাড়া আর কোন লংকান বোলারই সমীহ আদায় করে নিতে পারেননি। পেরেরা, কুলাসেকারা এবং দিলশানকে একটি করে উইকেটেই সন্তুষ্ট থাকতে হয়েছে।

শ্রীলংকর জবাবটাও শুরু হয়েছে ধাক্কা খাওয়ার মধ্য দিয়ে। দলীয় ১১ রানে উদ্বোধনী ব্যৗাটসম্যান জেহান মুবারককে ফিরিয়ে দিয়ে আঘাতের সূচনা করে শন পোলক। এরপর জয়সুরিয়া এবং সাঙ্গাকারা ইনিংস মেরামত করার কাজে মন দিলেও বেশিদুর এগোতে পারেননি। দলের ৬৮ রানেই দু’জন ফিরে গেলে চাপের মধ্যে পড়ে যায় শ্রীলংকা।

চতুর্থ উইকেট জুটিতে তিলকরতেœ দিলশান এবং অধিনায়ক মারভান আতাপাত্তু ৪৯ রানের পার্টনারশিপ গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু দিলশান সফল হলেও ব্যর্থ হয়েছেন অধিনায়ক। ২৩ রান করে রানআউট হয়ে যান আতাপাত্তু।

শ্রীলংকার সবচেয়ে মূল্যবান জুটিটি গড়ে উঠে দিলশান এবং মাহেলা জয়বর্ধনের মধ্যে। পঞ্চম উইকেট জুটিতে এরা দু’জনে অতি প্রয়োজনীয় ১০৭ রান করে দলকে অনেকটাই জয়ের কাছাকাছ নিয়ে যান। কিন্তু ২২৪ রানে ঘটে ছন্দপতন। ভ্যান ডার ওয়াথের বলে বোল্ড হয়ে যান জয়বর্ধনে। তবে যাওয়ার আগে ৫২ বলে চারটি বাউন্ডারির সহায়তায় ৫২ রানের ঝলমলে ইনিংস উপহার দিয়ে যান। অন্যপ্রান্তে দিলশান ১০৮ বলে তিনটি চারের মাধ্যমে ৮২ রানে অপরাজিত থেকে যান। ৫০ ওভারে আট উইকেটে ২৫৪ রানেই থেমে যায় শ্রীলংকার ইনিংসের চাকা।

অনবদ্য সেঞ্চুরির জন্য ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন বোয়েটা ডিপেনার।