ড্র- এর দিকে এগোচ্ছে ফয়সালাবাদ টেস্ট
লাহোর টেস্টের মতই ড্র- এর দিকে এগোচ্ছে ফয়সালাবাদ টেস্ট। দৈব কোন ঘটনা না ঘটলে ফয়সালাবাদের দর্শকদের আরেকটি নিষ্ফলা ম্যাচের স্মৃতি নিয়ে বুধবার ঘরে ফিরতে হবে।
চতুর্থ দিন প্রথম ইনিংস ৬০৩ রানে শেষ হয়ে গেলে ১৫ রানের লিড পায় ভারত। কিন্তু দিনশেষে স্বাগতিকরা উদ্বোধনী ব্যাটসম্যান সালমান বাটের উইকেট হারিয়ে তুলেছে ১৫২ রান। সব মিলিয়ে পাকিস্তান ১৩৭ রানে এগিয়ে গেছে।
পাঁচ উইকেটে ৪৪১ রান, এই অবস্থায় চতুর্থ দিনের সূচনা করেন আগেরদিনের দুই অপরািজত ব্যাটসম্যান মহেন্দ্র ধোনী (১১৬) এবং ইরফান পাঠান (৪৯)। কিন্তু বেশিদুর অগ্রসর হতে পারেননি। স্কোর বোর্ডে আর মাত্র ৫০ রান যোগ হতেই টেস্টে প্রথম সেঞ্চুরি করা মহেন্দ্র ধোনীকে প্যাভিলিয়নে ফেরত পাঠান দানিশ কানেরিয়া। কানেরিয়ার ঘূর্ণি বল ধোনীর ব্যাট ছুঁয়ে পাক উইকেট রক্ষক কামরান আকমলের হাতে জমা পড়ে। ১৫৩ বলে সাজানো ধোনীর ইনিংসে ১৯টি চার এবং চারটি ছক্কার মারও ছিল।
তবে সবচেয়ে দুর্ভাগা ইরফান পাঠান। আগের দিন নার্ভাস নাইনটিতে আউট হয়ে দুর্ভাগাদের খাতায় নাম লিখিয়েছিলেন লক্ষণ, পরদিন অর্থাৎ চতুর্থ দিন সেই নার্ভাস নাইনটির শিকার হলেন পাঠান। ১৭০ বলে নয়টি বাউন্ডারি এবং দু’টি ছক্কার মাধ্যমে ৯০ রান করে আব্দুল রাজ্জাকের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন ক্রমশই অলরাউন্ডার হয়ে ওঠা পাঠান।
ইনিংসের শেষদিকে অনিল কুম্বলে (১৫), হরভজন সিং (৩৮) এবং জাহির খান (অপরাজিত ২০) দলের সংগ্রহকে স্ফীত করার চেষ্টা করেছেন। ভারত ১৬২ রানে তাদের শেষ পাঁচ উইকেট হারায়।
১৬৫ রানে তিন উইকেট নিয়ে কানেরিয়া ছিলেন পাকিস্তানের সফল বোলার। অল রাউন্ডার শহীদ আফ্রিদি ব্যাট হাতে ঝড় তোলার পর বল হাতেও শিকার করেছেন দু’ উইকেট।
দ্বিতীয় ইনিংসেও সাবলীল সূচনা করে পাকিস্তান। বাবার অসুস্থতার কারণে শোয়েব মালিক দল ছেড়ে যাওয়ায় সালমানের সাথে দ্বিতীয় ইনিংসের গোড়াপত্তন করতে নামেন উইকেটরক্ষক কামরান আকমল। উদ্বোধনী জুটিতে ৫২ রান করে দলকে ভালো সংগ্রহের দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা জাগিয়েছিলেন সালমান বাট এবং কামরান আকমল। কিন্তু সফল ওপেনার সালমান বাট ২৪ রানের স্বল্প সংগ্রহে ফিরে গেলে চতুর্থ দিনটি পার করার দায়িত্ব বর্তায় কামরান এবং ইউনিস খানের উপর। সেই দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করেছেন দু’জন। দিনশেষে দু’জনের জোড়া অর্ধশতকে ১৩৭ রানে এগিয়ে গেছে পাকিস্তান।
কামরান ৫৯ এবং ইউনিস ৬৪ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করবেন। সালমানের উইকেটটি তুলে নেন প্রথম ইনিংসের সফল বোলার অনিল কুম্বলে।
