বিশ্বকাপের পরই ইংল্যান্ডের কোচ এরিকসনের বিদায়
জার্মানিতে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ ফাইনালের পরই ইংল্যান্ডের বর্তমান কোচ সেবেন গোরান এরিকসন পদত্যাগ করবেন বলে ঘোষনা দিয়েছেন।
সোমবার ফুটবল এ্যাসোসিয়েশন (এফএ) এর কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করার পর তিনি এই সিদ্ধান্ত নেন। তিনি দীর্ঘ ছয় বছর ইংল্যান্ড ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করেন।
৫৭ বছর বয়স্ক সুইডিশ বলেছেন, “আমি খুশি যে আমরা একটা চুক্তিতে আসতে পেরেছি এবং এখন আমরা বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতি ধারাবাহিকভাবে চালিয়ে নিতে পারবো।”
তিনি বলেন, “এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আসন্ন বিশ্বকাপে আমি ইংল্যান্ড দলকে কতটা সফলতা এনে দিতে পারি।”
বার্ষিক ৪ মিলিয়ন ডলার পারিশ্রমিকের চুক্তিতে এরিকসনের আগামী ২০০৮ সাল পর্যন্ত দায়িত্ব পালনের কথা ছিলো।
ইংল্যান্ডের কোচ বলেন, “আমি জানি খেলোয়াড় এবং এফএ কর্মকর্তাদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবো। আমি আমার দায়িত্ব সম্পর্কে সচেতন এবং আমি চাই এটা সবাই জানুক।”
তিনি আরও বলেন, “আমি ভক্তদের সমর্থন সবর্দাই উপভোগ করি এবং এটাও জানি যে জার্মানিতে তাদের সমর্থন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।”
এরিকসন সম্প্রতি একজন সাংবাদিকের কাছে সাক্ষাৎকার দেয়ার পর থেকে তিনি বেশ চাপের মধ্যে ছিলেন।
এফএ’র প্রধান কর্মকর্তা ব্রায়ান বারউইক বলেছেন, “এফএ এবং এরিকসন অনুভব করেছেন যে তার ভবিষ্যৎ নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো প্রয়োজন।”
তিনি বলেন, “এই ঘটনাকে ঘিরে আগামী কিছু দিন বেশ হিসাব নিকাশ করতে হবে। তাই এখনই এই সমস্যাটির সমাধান করা প্রয়োজন হয়েছিলো। আমি সেভেন ও তার আইনী পরামর্শকদের এই জন্য ধন্যবাদ দিতে চাই যে তারা একটি সিদ্ধান্তে আসতে বেশ সহায়তা করেছেন।”
তিনি আরও বলেন, “আমাদের প্রধান লক্ষ্য বিশ্বকাপে এরিকসন ও ইংল্যান্ডকে সফলতা পাওয়ার জন্য সুযোগ করে দেওয়া এবং বিশ্বকাপে সাফল্য নিয়ে আসা। এ ক্ষেত্রে এরিকসনই জার্মানিতে আমাদের পথ নিদর্শন দেবেন।
