আরব আমিরাতের বিরুদ্ধে অনুর্ধ্ব ১৯ দলের সহজ জয়
সাকিব আল হাসানের ৮৭ রানে ভর করে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল সোমবার সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ক্রিকেট দলের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে ছয় উইকেটের সহজ জয় পেয়েছে।
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রথম ব্যাট করে ইউএই দল এক বল বাকি থাকতে ১৬৬ রানে অলআউট হয়ে যায়। ফাহাদ উসাম দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন। এছাড়া বংসো ৩২, নাঈমউদ্দিন ১৪ রান করেন। ইউএই দলের দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান আসে অতিরিক্ত থেকে।
অনুর্ধ্ব ১৯ দলের মেহরাব হোসেন ৩২ রানে তিন এবং নাবিল সামাদ ২৫ রানে দু’টি উইকেট লাভ করেন।
জবাবে অনুর্ধ্ব ১৯ দল ৩০ দশমিক পাঁচ ওভারে চার উইকেটে ১৬৭ রান করে জয় তুলে নেয়। সাকিব আল হাসান ৭১ বল ১২টি চার এবং একটি ছক্কায় ৮৭ রান করেন। এছাড়া মেহরাব হোসেন ২৪ এবং মুশফিকুর রহিম ২৯ রান করে অপরাজিত থাকেন।
একই ভেন্যুতে মঙ্গলবার পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে দু’দল।
