ধোনীর মারমুখী সেঞ্চুরিতে নিরাপদে ভারত
ফয়সালাবাদ টেস্টে পাকিস্তানের ছুঁড়ে দেওয়া বড় টার্গেটের জবাবটা ভালোই দিচ্ছে ভারত। তবে লাহোরের মত অতটা রানের বল্গাহীন ঘোড়া ছোটানোর মধ্য দিয়ে নয়, অনেকটা ধীরে চলো নীতিতেই এগুচ্ছে গ্রেগ চ্যাপেলের দল।
অধিনায়ক রাহুল দ্রাবিড়ের টানা দ্বিতীয় সেঞ্চুরি, লক্ষণের মূল্যবান ৯০ রান, উইকেট রক্ষক মহেন্দ্র ধোনীর প্রথম টেস্ট সেঞ্চুরি এবং শেষ বিকেলে ইরফান পাঠানের ৪৯ রানে অনেকটা নিরাপদে ভারত।
আগের দিনের এক উইকেটে ১১০ রান নিয়ে খেলতে নেমে সারাদিন ব্যাটিং করে ভারত ৪৪১ রান করলেও দ্রাবিড়, লক্ষণ, টেন্ডুলকার এবং যুবরাজের উইকেট হারিয়েছে।
প্রথম টেস্টের মত এখানেও যদি আবহাওয়া বাগড়া না বসায় তাহলে সোমবার তৃতীয় দিনেই ম্যাচের যে চিত্র দেখা গেছে, তাতে জমে উঠতে পারে এ টেস্ট।
তৃতীয় দিন টানা দ্বিতীয় সেঞ্চুরির মাধ্যমে সফল হয়েছেন দ্য ওয়াল খ্যাত ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড় এবং উইকেট রক্ষক মহেন্দ্র সিং ধোনী। কিন্তু ব্যর্থ হয়েছেন ভিভিএস লক্ষণ। সেঞ্চুরি থেকে দশ রান দুরে থাকতে লেগি দানিশ কানেরিয়ার বলে জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালাতে গিয়ে উইকেটের পেছনে কামরান আকমলের বিশ^স্ত হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন লক্ষণ। ২০৮ বলে ১১টি বাউন্ডারি হাঁকিয়েছেন লক্ষণ। আর দ্রাবিড় হয়েছেন রান আউটের শিকার। আগের দিন শেওয়াগের ক্যাচ নেওয়া বদলী ফিল্ডার ইমরান ফারহাতের দুর্দান্ত থ্রো ভারতীয় অধিনায়ককে প্যাভিলিয়নের পথ দেখায়। ২২০ বলে ১৬টি চারে ১০৩ রান করেন দ্রাবিড়।
ব্যর্থদের তালিকার চমক জাগানিয়া আরও দু’টি নাম হচ্ছে মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার এবং যুবরাজ সিং। শচীন ১৪ এবং যুবরাজ ৪ রান করে আউট হন। দলের রান তখন ২৮১।
ভারতের তৃতীয় দিনের সূচনাটা ছিল দারুন। পেসার মোহাম্মদ আসিফকে সোজা ব্যাটে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেন দ্রাবিড়। আগের দিন শেওয়াগ আউট হয়ে যাওয়ার পর পাকিস্তানি বোলারদের সামনে প্রতিরোধের যে দেয়াল গড়ে তুলেছিলেন দ্রাবিড় এবং লক্ষণ, তৃতীয় দিন সেই দেয়ালটাকে আরও মজবুত করেছেন। পাকিস্তানের মাটিতে দ্বিতীয় উইকেট জুটিতে রেকর্ড ১৯৭ রান করে পাক বোলারদের হতাশায় ডুবিয়েছেন।
মাত্র ৪৫ রানের ব্যবধানে পাঁচ ব্যাটসম্যান সাজঘরে ফিরে গেলে লক্ষ্যে না পৌঁছানোর আশংকা দেখা দেয়। কিন্তু ষষ্ঠ উইকেট জুটিতে মহেন্দ্র ধোনী এবং পেসার ইরফান পাঠান যে এমন প্রতিরোধ গড়ে তুলবেন তা বোঝা যায়নি। তৃতীয় দিনে চার উইকেট ফেলে দেওয়ার আনন্দটা স্বাগতিকদের মন থেকে উবে যেতে বেশি সময় লাগেনি।
দু’জনের ব্যাটই পরীক্ষিত। অপেক্ষা ছিল শুধু ঝলসে ওঠার। হয়েছেও তাই। দিনের বাকিটা সময় কোন অঘটন ছাড়াই নির্বিঘেœ কাটিয়ে দেন দু’জন। এর মধ্যে আবার প্রথম টেস্ট সেঞ্চুরির দেখাও পেয়েছেন মহেন্দ্র ধোনী। আম্পায়ারা যখন দুই প্রান্তের স্ট্যাম্পের বেল তুলে নেন তখন অপরাজিত ধোনীর নামের পাশে লেখা হয়েছে ১১৬ রান। ১২৩ বলে ১৪টি চার এবং চারটি ছক্কায় এই ইনিংস সাজিয়েছেন ভারতীয় উইকেট রক্ষক। অন্যপ্রান্তে হাফ সেঞ্চুরি থেকে এক রান দুরে রয়েছেন ইরফান পাঠান।
