২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করাচি টেস্টের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ পাঠাচ্ছে ভারত

করাচিতে ভারত - পাকিস্তানের মধ্যকার তৃতীয় টেস্টকে ঘিরে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার আদ্যপান্ত খতিয়ে দেখতে ভারত সরকার সেদেশের পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা যশবর্ধন আজাদকে পাকিস্তান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2006, 07:39 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’র একটি ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ভারতীয় দল ২৬ জানুয়ারি করাচিতে পৌঁছানোর আগেই সেখানে পৌঁছে যাবেন আজাদ। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ২৯ জানুয়ারি থেকে শুরু হবে তৃতীয় টেস্ট।

পিসিবির সূত্রটি আরও জানিয়েছে, যশবর্ধন আজাদ করাচিতে স্থানীয় পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর  উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাত করে নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি ব্যক্তিগতভাবে সমন্বয় করবেন।

দু’বছর আগেও পাকিস্তান সফরে ভারতীয় দলের সঙ্গী ছিলেন আজাদ। দু’দেশের মধ্যেকার ক্রিকেট সিরিজ আয়োজনকে সামনে রেখে ২০০৪ সালে এবং বর্তমান সফরের আগেও আজাদ দুইবার পাকিস্তান সফর করেছেন। তাছাড়া ১৯৯৯ এবং ২০০৫ সালে পাকিস্তানের ভারত সফরের সময়ও নিরাপত্তা সমন্বয়কের দায়িত্ব পালন করেন ভারতীয় পুলিশের এই কর্মকর্তা। 

২০০৪ সালে তার রিপোর্টের উপর ভিত্তি করেই ভারত করাচিতে টেস্ট খেলতে অস্বীকৃতি জানায়। কিন্তু চলতি সফরে তিনি করাচিতে টেস্ট ম্যাচ খেলার ব্যাপারে গ্রিন সিগনাল দিয়েছিলেন।