ফয়সালাবাদে পাকিস্তানের ৫৮৮ রানের জবাবে লড়ছে ভারত
লাহোরের মত ফয়সালাবাদেও যে পাকিস্তান রানের পাহাড়ের নীচে ভারতকে চাপা দেওয়ার দিকে এগুচ্ছিল প্রথম দিনই তার আঁচ পাওয়া গিয়েছিল। দ্বিতীয় দিন হয়েছেও তাই, তবে লাহোরের ইনিংস টপকাতে পারেনি স্বাগতিকরা। ভারতীয় বোলারদের উইকেট শিকারের মধ্যে ফেরাতেই সেটা সম্ভব হয়েছে।
শেষ পর্যন্ত স্বাগতিকদের প্রথম ইনিংসের সংগ্রহ দাঁড়িয়েছে সবকটি উইকেট হারিয়ে ৫৮৮, আর দিনশেষে শেওয়াগের উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করেছে ১১০ রান।
আগেরদিনের চার উইকেটে ৩৭৯ রান নিয়ে দ্বিতীয় দিনের সূচনা করেন ইনজামাম (৭৯) এবং আফ্রিদি (৮৫)। কিন্তু স্কোর বোর্ডে চার রান জমা পড়তেই মাসল পুল করায় স্বেচ্ছায় অবসর নিতে বাধ্য হন ইনজি।
আফ্রিদিকে সঙ্গ দিতে উইকেটে আসেন আব্দুল রাজ্জাক। আফ্রিদি উইকেটে থাকা মানেই বানের জলের মত রান আসা, চার--ছয়ের ছড়াছড়ি আর উত্তাল গ্যালারি। লাহোরের আফ্রিদিঝড়ের মত আরেকটি ঝড় দেখতে মুখিয়ে ছিল দর্শকরা। নিরাশ করেননি তিনি। রাজ্জাক এক প্রান্তে খুঁটি গেড়ে বসলেও অন্যপ্রান্তে আফ্রিদির ধ্বংসযজ্ঞ চলতেই থাকে। শেষ পর্যন্ত আফ্রিদিকে ১৫৬ রানে থামিয়ে দেন স্পিনার অনিল কুম্বলে। ১২৮ বলে ২০টি চার ও ছয়টি বিশাল ছক্কায় সাজানো ছিল তার বিস্ফোরক ইনিংসটি।
মাঠে পিরে আসেন ইনজামাম। ইনজুরি নিয়েও খেললেন ১১৯ রানের এক কাব্যিক ইনিংস। ১৯৩ বলের ইনিংসে ১২টি চার ও একটি ছক্কাও হাঁকিয়েছেন ইনজি। দলকে ৫৬৭ রানে রেখে জহির খানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন পাক অধিনায়ক। এর আগে ৩৭ রান করে আরপি সিংয়ের চতুর্থ শিকারে পরিণত হন রাজ্জাক।
লাহোরে দুরন্ত একটি সেঞ্চুরি করা পাকিস্তানি উইকেট রক্ষক কামরান আকমল দ্বিতীয় ম্যাচে এসে ব্যর্থ হলেন। কোন রান না করেই ফিরে যান তিনি।
কিন্তু লাহোরে উইকেট না পাওয়ার ঝালটা ভালোই মিটিয়েছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েব আখতার। নয় নম্বরে নেমে ৫৪ বলে পাঁচটি বাউন্ডারি এবং তিনটি ছক্কার সাহায্যে ৪৭ রান করেন শোয়েব।
ভারতের বোলারদের মধ্যে আরপি সিং চার, জহির খান এবং কুম্বলে তিনটি করে উইকেট শিকার করেন।
ভারতের জবাবের শুরুটা লাহোরের মত মসৃন হয়নি। প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো বীরেন্দ্র শেওয়াগ ৩১ রান করে আব্দুল রাজ্জাকের বলে বদলী খেলোয়াড় ইমরান ফারহাতের হাতে ধরা পড়ে বিদায় নেন। দলের রান তখন ৩৯।
এরপর অবশ্য ভিভিএস লক্ষণকে সাথে নিয়ে কোন অঘটন ছাড়াই দিনটি পার করে দেন অধিনায়ক রাহুল দ্রাবিড়। দ্রাবিড় ৪৬ এবং লক্ষণ ২৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।
