২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার লিগ নিয়ে ক্লাব কর্মকর্তাদের সাথে আলোচনায় বসবে ফুটবল ফেডারেশন

ঢাকায় এপ্রিলের মাঝামাঝিতে এএফসি চ্যালেঞ্জ কাপের পরপরই প্রিমিয়ার ফুটবল লিগ মাঠে গড়াবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 08:27 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

অন্তত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সে রকমই ইচ্ছে। তবে এর আগে ২৬ জানুয়ারি প্রিমিয়ার এবং প্রথম বিভাগ লিগ নিয়ে ক্লাবগুলোর কর্মকর্তাদের সাথে আলোচনায় বসবে ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ফুটবল ফেডারেশনের উচ্চপর্যায়ের এক অনানুষ্ঠানিক সভায় রোববার এই সিদ্ধান্ত গৃহিত হয়েছে। বাফুফে সভাপতি এস এ সুলতান এমপি, সহ সভাপতি এবং লিগ কমিটির চেয়ারম্যান আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, উপ সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু এবং ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুক্তা সভায় উপস্থিত ছিলেন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন, যেহেতু ৯ এপ্রিলের পর মাঠের উন্নয়ন কাজের জন্য বঙ্গবন্ধু স্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদের কাছে হস্তান্তর করতে হবে সেই প্রেক্ষিতে ফেডারেশন বিকল্প ভেন্যুও ঠিক করে রেখেছে। তাছাড়া সভায় ফেডারেশনের নির্বাহী কমিটির বৈঠক ১ ফেব্র“য়ারি অনুষ্ঠানের সিদ্ধান্তও নেয়া হয়।

মোজাম্মেল হক মুক্তা জানিয়েছেন, ফুটবলারদের দল বদলের বিষয়টি ক্লাব কর্মকর্তাদের সাথে আলোচনার উপরই নির্ভর করছে। ক্লাবগুলো যদি দলবদলে আগ্রহী হয় তাহলে লিগ কমিটিও সে অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবে।

ফুটবল ফেডারেশন সেপ্টেম্বরেই দেশে পেশাদার লিগ চালু করতে বদ্ধপরিকর এবং এ ব্যাপারেও ক্লাব কর্মকর্তাদের সাথে আলোচনা হবে।