জেএফএ কাপ ফুটবলের চুড়ান্ত পর্বে সোহেলের হ্যাটট্রিকে জয় পেয়েছে নারায়ণগঞ্জ
সোহেলের অনবদ্য হ্যাটট্রিকে ভর করে নারায়ণগঞ্জ জেলা দল রোববার জেএফএ কাপ অনুর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্বে জয় পেয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নারায়ণগঞ্জ ৩ - ২ গোলে হারিয়েছে কুড়িগ্রাম জেলা দলকে।
খেলার ৩৩ মিনিটে সোহেল প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। ৫৬ মিনিটে দ্বিতীয় গোল করেন সোহেল। ৬৫ মিনিটে কুড়িগ্রামের পক্ষে গোল করে ব্যবধান কমান শৈশব। ৭৭ মিনিটে গোল করে সমতা ফেরান কুড়িগ্রামের রাহা। ৮৫ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করে নিজের হ্যাটট্রিকও পূরণ করেন সোহেল।
দিনের অপর ম্যাচে সাতক্ষীরা ২ - ১ গোলে হারিয়েছে টাঙ্গাইলকে। বিজয়ী দলের দু’টি গোলই করেন সাহাবুদ্দিন। টাঙ্গাইলের পক্ষে একটি গোল পরিশোধ করেন সৈয়দ মোহাম্মদ রফিক।
