ফুটবল কোচ ক্রুসিয়ানি মঙ্গলবার ফিরছেন
আর্জেন্টিনায় প্রায় চার সপ্তাহের ছুটি কাটিয়ে মঙ্গলবার ঢাকা ফিরছেন জাতীয় ফুটবল দলের কোচ ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি এবং ফিজিও অ্যারিয়েল কোলম্যান।
এশিয়া কাপের প্রাক বাছাই পর্বে ২৭ ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে এক গোলে জয়ের সুখস্মৃতি নিয়ে দেশে উড়ে গিয়েছিলেন কোচ ক্রুসিয়ানি। ঢাকায় ফিরে ক্রুসিয়ানি এশিয়া কাপের বাছাই পর্বে অংশগ্রহনের জন্য ২৭ জানুয়ারি থেকে বিকেএসপিতে জাতীয় দলের অনুশীলন শুরু করবেন।
এশিয়া কাপের বাছাই পর্বে বাংলাদেশ এফ গ্র“পে উজবেকিস্তান, হংকং এবং কাতারের বিরুদ্ধে খেলবে। উজবেকিস্তানের বিরুদ্ধে ২২ ফেব্র“য়ারি অ্যাওয়ে ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান।
ডিসেম্বরে সাফ গেমসের অনুশীলনের জন্য প্রাথমিকভাবে যে ২৮ ফুটবলারকে নির্বাচন করা হয়েছিল তাদের নিয়ে এবারও ক্যাম্প শুরু করতে আগ্রহী জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। তারপরও অনুশীলনে কতজন অংশ নেবেন তা নির্ভর করছে কোচের উপরই। যেহেতু দল গঠনে কোচের স্বাধীনভাবে কাজ করার সুযোগ রয়েছে তাই খেলোয়াড় বৃদ্ধি কিংবা কমানো সবকছিুই নির্ভর করছে কোচের সিদ্ধান্তের উপর।
উজবেকিস্তানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের পর বাংলাদেশ ১ মার্চ এবং ১৬ আগষ্ট হোম ম্যাচে যথাক্রমে হংকং এবং কাতারের মুখোমুখি হবে। কাতারের বিরুদ্ধে বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ সেপ্টেম্বর।
উজবেকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ নিজেদের মাঠে খেলবে ১১ অক্টোবর। হংকংয়ের বিরুদ্ধে বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচ খেলবে ১৫ নভেম্বর।
এদিকে এপ্রিলে ঢাকায় অনুষ্ঠেয় এএফসি চ্যালেঞ্জ কাপেও অংশগ্রহন করবে বাংলাদেশ।
