জয়সুরিয়ার সেঞ্চুরিতে ভিবি সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার বড় জয়
তিনজাতি ভিবি সিরিজে টানা দ্বিতীয় জয় পেয়েছে শ্রীলঙ্কা। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ধারাশায়ী করার পর রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তারা বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৫১ রানে হারিয়েছে।
শ্রীলঙ্কার ৫০ ওভারে সাত উইকেটে ৩০৯ রানের জবাবে অস্ট্রেলিয়া সবগুলো উইকেট খুইয়ে ২৫৮ রান করে।
অনেকদিন পর আবারও নিজের জাতটা ভালোভাবে চিনিয়ে দিলেন শ্রীলঙ্কান ড্যাশিং ওপেনার সনথ জয়সুরিয়া। জয়সুরিয়ার ঝড়ো সেঞ্চুরি, সাথে সাঙ্গাকারা এবং জয়বর্ধনের দু’টি অর্ধশতকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তিনজাতি ভিবি সিরিজে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাত উইকেটে ৩০৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে শ্রীলঙ্কা।
ইনজুরি ছাড়াও ফর্মের ঘাটতির কারণে অনেকদিন ধরেই রান নেই জয়সুরিয়ার ব্যাটে। মাঝেমধ্যে একটু ঝলকানি দেখা গেলেও ধারাবাহিকতা ছিলনা। তবে তিনি যে ফুরিয়ে যাননি তা আবারও প্রমাণ করলেন ৯৬ বলে দশটি চার এবং চারটি বিশাল ছক্কায় ১১৪ রানের ইনিংস খেলে। আর ব্যাটিং তাণ্ডব চালানোর জন্যে পেয়েছিলেন কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে। নিঃসন্দেহে সেঞ্চুরিটা উপভোগ করেছেন জয়সুরিয়া।
টসে জিতে শ্রীলঙ্কান অধিনায়ক আতাপাত্তু ব্যাট করার সিদ্ধান্ত নিলেও ২৪ রানে উদ্বোধনী জুটিতে জয়সুরিয়ার সঙ্গী জেহান মুবারক ফিরে যান। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে জয়সুরিয়া এবং কুমারা সাঙ্গাকারা ১৬৩ রানের পার্টনারশিপ গড়ে সে ধাক্কাটা বুঝতেই দেননি।
জয়সুরিয়ার মত সাঙ্গাকারা ততটা আক্রমনাত্মক না হলেও ৯৫ বলে সাতটি চারের সহায়তায় ৭৮ রান করে সাইমন্ডসের বলে তার হাতেই ক্যাচ দিয়ে বিদায় নেন। এর আগে স্ট্যাম্পড হয়ে জয়সুরিয়াও ফিরে যান।
এরপর সাঙ্গাকারার সাথে জুটি বাধেন মাহেলা জয়বর্ধনে। রানের পেছনে ছুটেছেন তিনিও। নাথান ব্রাকেনের বলে বোল্ড হওয়ার আগে ৪৮ বলে চারটি বাউন্ডারির সাহায্যে ৫৬ রান করে যান। পাঁচ নম্বরে নেমে অধিনায়ক আতাপাত্তু শেষ পর্যন্ত ৩১ রানে অপরাজিত থাকেন।
অতিথিদের ছুঁড়ে দেওয়া লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে অস্ট্রেলিয়া উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। শুরু থেকেই অসি ব্যাটসম্যানদের মধ্যে দেখা গেছে আত্মাহুতির প্রবণতা। দলের ৪১ রানে প্রথম সারির তিন ব্যাটসম্যান- ডেমিয়েন মার্টিন (৮), সাইমন ক্যাটিচ (১৯) এবং অধিনায়ক রিকি পন্টিং (১৩) প্যাভিলিয়নে ফিরে গেলে মারাত্মক চাপের মধ্যে পড়ে চ্যাম্পিয়নরা। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে মাইকেল ক্লার্ক এবং উইকেটরক্ষক হাডিন ৬৯ রান করে বিপর্যয় সামাল দিতে সক্ষম হন।
ক্লার্ক হাফ সেঞ্চুরি করলেও নয় রানের জন্য অর্ধশতক মিস করেছেন হাডিন। ক্লার্ক ৭০ বলে পাঁচটি চারের মাধ্যমে ৬৭ রান করে বান্দারার বলে মুরলিধরনের হাতে ক্যাচ দেন। হাডিন ৪৪ বলে ছয়টি চারে ৪১ রান করে মুরলির শিকারে পরিণত হন।
এই দু’জনের আউটের পর মিডল অর্ডারে অ্যান্ড্রু সাইমন্ডস এবং হপস দলের পরাজয় ঠেকাতে আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু শ্রীলঙ্কান বোলরার, বিশেষ করে একা স্পিনার বান্দারার কাছেই হার মানে অসি বাহিনী। সাইমন্ডস ৩১ রান করে দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে যান। হপস ৪৩ রান করে বান্দারার বলে ভাসের হাতে ক্যাচ দেন।
শেষদিকে ব্রাড হগ ২২ রান করে লড়াই করার চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণে ম্যাচ শ্রীলঙ্কার দিকে ঝুকে গেছে।
চমৎকার সেঞ্চুরিটির জন্য ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা গেছে জয়সুরিয়ার হাতে।
