লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড
ডিফেন্ডার রিও ফার্দিনান্দের শেষ মুহূর্তের একমাত্র গোলে ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে লিভারপুলকে হারিয়েছে।
খেলার ৯০ মিনিটের মাথায় রায়ান গিগসের ফ্রি কিক থেকে আসা একটি উড়ন্ত বল লিভারপুলের পেনাল্টি এলাকা থেকে হেডের সহায়তায় বিপক্ষ দলের জালে পাঠিয়ে দেন ফার্দিনান্দ।
খেলায় লিভারপুলের প্রাধান্য থাকার কারণে ম্যাচকে ঘিরে তাদের অনুতপ্তটা বেশি। বিশেষ করে ডিজিবরিল সিসে খেলার ৬২ মিনিটের মাথায় একটি সহজ সুযোগকে কাজে লাগিয়ে দলকে এগিয়ে দিতে না পারার দুঃখটা তাদেরকে অনেকদিন ভোগাবে।
আর প্রথমার্ধে পিটার ক্রাউচের দ্রুতগতির শটটি ম্যান ইউ’র ডিফেন্ডার ওয়েস ব্রাউন বেশ ভালভাবেই প্রতিহত করেন।
ইনজুরি সমস্যা ও ক্রিশ্চিয়ানো রোনালদোর বহিষ্কারাদেশের কারণে ম্যান ইউকে রোববারের ম্যাচে জন ও’শিয়াকে সাথে নিয়ে গিগসকে মধ্যমাঠ নিয়ন্ত্রণে নামতে হয়।
কিন্তু মধ্যমাঠ নিয়ন্ত্রণে লিভারপুলের সফলতার কারণে ম্যান ইউ’র পরিকল্পনা কাজে আসেনি। আর তাই স্যার অ্যালেক্স ফার্গুসন ও’শিয়াকে তুলে নিয়ে লুইস সাহাকে মাঠে নামিয়ে দেন।
তারপরও ম্যান ইউ মধ্যমাঠে সুবিধা করতে পারেনি। উল্টো ম্যান ইউ’র জালে বল পাঠাতে লিভারপুলের আক্রমণ বাড়তেই থাকে।
প্রথমার্ধে গিগস ম্যান ইউ’র পক্ষে সবচেয়ে গোলের সহজ একটি সুযোগ সৃষ্টি করেন। গোল বারের একবারে সামনে থেকে নেদারল্যান্ডের রুড ভ্যান নিস্টলরয়কে গিগস গোল করার সুযোগ করে দেয়ার জন্য বল ঠেলে দেয়। সে সুযোগকে কাজে লাগিয়ে নিস্টলরয় জোরালো শট নিলেও গোলরক্ষক রেইনা তা দক্ষতার সাথে প্রতিহত করেন।
ম্যান ইউ গোল করার সুযোগ পেলেও মধ্যমাঠের নিয়ন্ত্রণ ছিল লিভারপুলের হাতেই। আর তাতে নেতৃত্ব দিয়েছেন স্টিভেন জেরার্ড।
জেরার্ড একটি বল সিসের দিকে এগিয়ে দিলেও তার দূর্বল শট ম্যান ইউ’র গোলরক্ষক এডউইন ভ্যান ডার সারকে পরাস্ত করতে পারেনি।
খেলার শেষের দিকে ওয়েইন রুনির শট সাইড বারের সামান্য বাইরে দিয়ে না গেলে গোলের ব্যবধান দ্বিগুন হতে পারতো।
আর খেলা যখন নিশ্চিত ড্রয়ের দিকে যাচ্ছিল তখনই ফার্দিনান্দের আচমকা হেড ম্যান ইউকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়।
