২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে জেএফএ কাপের চুড়ান্ত পর্বে যাত্রা শুরু করলো ঢাকা, রাজশাহী

ঢাকা জেলা দল জয়ের মধ্য দিয়েই দ্বিতীয় জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) কাপ অনুর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্বে যাত্রা শুরু করেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ঢাকা ৩ - ০ গোলে হারায় রাঙ্গামাটি জেলা দলকে। বিজয়ী দল প্রথমার্ধে ৩ - ০ গোলে এগিয়ে ছিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2006, 08:34 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

জেএফএ ইন্টারন্যাশনাল কমিটির সদস্য ইচিরো ফুজিতা প্রধান অতিথি হিসেবে চুড়ান্ত পর্বের উদ্বোধন করেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি আব্দুর রহিম এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ফুজিতা টুর্নামেন্ট আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং প্রথম আসরের মত এবারও চুড়ান্ত পর্বের খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।

জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) ১৫টি উন্নয়নশীল দেশের তৃণমূল পর্যায়ে ফুটবলের মানোন্নয়নে আর্থিক সহযোগতা দিচ্ছে। বাংলাদেশে টুর্নামেন্ট আয়োজনে জেএফএ ২৫ হাজার মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে।

উদ্বোধনী ম্যাচে পাঁচ মিনিটে আসিফ হোসেন রিমনের গোলে প্রথম এগিয়ে যায় ঢাকা। ২৫ মিনিটে দ্বিতীয় গোল করেন জুয়েল রানা। মাঝবিরতির তিন মিনিট আগে ঢাকার পক্ষে তৃতীয় গোলটি করেন ইমন মাহমুদ।

দিনের দ্বিতীয় খেলায় বাগেরহাট জেলা দল পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২ - ১ গোলে জয় পায় গাইবান্ধা জেলা দলের বিরুদ্ধে। প্রথমার্ধে খেলা ১ - ১ গোলে অমীমাংসিত ছিল।

২৬ মিনিটে গোল করে গাইবান্ধাকে লিড এনে দেন নাবিব। মাঝবিরতির বাঁশি বাজার দুই মিনিট আগে বাগেরহাটের পরাগ গোল করে সমতা ফেরান। ৭০ মিনিটে বাগেরহাটের আরাফাত জয় সূচক গোলটি করেন।