ফয়সালাবাদ টেস্টে চার হাফ সেঞ্চুরি, শক্ত অবস্থানে পাকিস্তান
চারটি হাফ সেঞ্চুরি, শেষ বিকেলে আফ্রিদির ব্যাটিং তাণ্ডবে ফয়সালাবাদ টেস্টে দিনশেষে পাকিস্তান চার উইকেটে ৩৭৯ রান তুলেছে।
এক কথায় বলা যায় ফয়সালাবাদ টেস্টের প্রথম দিনে ব্যাট - বলের লড়াইয়ে নিজেদের অবস্থান অনেকটাই মজবুত করে ফেলেছে স্বাগতিকরা।
ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই টানটান উত্তেজনা। দুই দেশের ক্রিকেট কর্তাব্যক্তিরা তো বটেই, তাবত বিশ্বের ক্রিকেট প্রেমীসহ চায়ের টেবিলে প্রিয় দল নিয়ে আলোচনা-সমালোচনা, যুক্তিতর্কের ঝড় বয়ে যায়। সবাই রীতিমত ঘর্মাক্ত। কিন্তু এবার কার বেশি ঘাম ঝরেছে? এই প্রশ্নের উত্তরে যার নামটি বেরিয়ে আসবে তিনি পাকিস্তানের পিচ কিউরেটর আগা জাহিদ।
লাহোরে পাক অধিনায়ক ইনজামামের পরামর্শে তৈরি করেছিলেন একেবারে ন্যাড়া উইকেট। কিন্তু তাতে ফল হলো নি®প্রাণ। অর্থাৎ ম্যাচ ড্র। রান হলো হাজারেরও বেশি, আর বৃষ্টি বিঘিœত ম্যাচে উইকেট পড়লো মাত্র আটটি। চারিদিকে বয়ে গেল সমালোচনার ঝড়। সেই ঝড়ে কাবু হলেন আগা জাহিদ। ফয়সালাবাদে আবারও ঘাম ঝরালেন। মোটামুটি তৈরি করলেন স্পোর্টিং পিচ।
‘মোটামুটি’ বলা এই কারণে যে, ফয়সালাবাদের আল্লামা ইকবাল স্টেডিয়ামে দুই দেশের মধ্যকার দ্বিতীয় টেস্টে শনিবার প্রথম দিনে ব্যাটসম্যানদের ব্যাট যেমন হেসেছে, (লাহোরের মত অট্টহাসি নয়) তেমনি বোলাররাও উইকেট তুলে নেওয়ার মধ্য দিয়ে নিজেদের খূঁজে পেয়েছেন। লাহোরে এই বোলারদেরই পাড়ার বোলারদের মানে নামিয়ে এনেছিলেন ব্যাটসম্যানরা।
প্রথম দিনের হাসিটা অবশ্য কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। হাসির সিংহভাগটা কিন্তু পাকিস্তানিদের মুখেই ঝুলে ছিল। প্রথম টেস্টের মত রানের ফলঝুরি ছুটিয়ে সেঞ্চুরির দিকে না গেলেও ব্যাটিংয়ে ধারাবাহিকতা ধরে রেখেছেন পাকিস্তানের দুই ব্যাটিং স্তম্ভ ইউনিস খান এবং মোহাম্মদ ইউসুফ। দু’জনেই করেছেন হাফ সেঞ্চুরি। দিনশেষে আরও দু’টি অর্ধশতক করেছেন অধিনায়ক ইনজামাম এবং শহীদ আফ্রিদি।
অন্যদিকে ভারতের পেসার রুদ্র প্রতাপ (আরপি) সিং ‘রুদ্রমূর্তি’ ধারণ না করলে আরও বেশকিছু দুর যেতে পারতেন ইউনিস এবং ইউসুফ। তিন উইকেট নিয়ে রুদ্রের মুখে হাসি লেগেই ছিল।
সকালে টসে জিতে নিজেদের মাঠ এবং স্পোর্টিং পিচ দেখে চোখবুজে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইনজামাম। কিন্তু দলের ৪৯ রানে আরপি সিং পাক ওপেনার শোয়েব মালিককে প্যাভিলিয়নে ফেরত পাঠালে শীতের সকালের ইকবাল স্টেডিয়াম আরও শীতল হয়ে যায়।
আরেক ওপেনার সালমান বাটকে নিয়ে নতুন করে শুরু করেন ইউনিস। কিন্তু ১৬ রান পর প্যাভিলিয়নমুখো হন সালমান (৩৭)। এরপর লাহোরের মত লড়াই শুরু করেন ইউনিস আর ইউসুফ। প্রথম টেস্টের মত না হলেও তৃতীয় উইকেট জুটিতে দু’জনে মিলে ১৪২ রানের মূল্যবান একটি পার্টনারশিপ গড়ে দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন।
ইউনিস খানের ১৩১ বলে সাজানো ৮৩ রানের ইনিংসে ১৩টি বাউন্ডারি ছিল। অন্যদিকে ইউসুফ ৬৫ রান করতে বল খরচ করেন ১১৯টি, আর আটবার মাটি কামড়ে বল মাঠের বাইরে পাঠানোর পাশাপাশি একটি ছক্কাও হাঁকিয়েছেন। দু’টি উইকেটই তুলে নেন আরপি সিং।
ইউনিস আর ইউসুফ আউট হয়ে যাওয়ার পর পঞ্চম উইকেট জুটিতে আরেকটি বড় পার্টনারশিপ গড়েন ইনজামাম এবং আফ্রিদি। ইনজামাম স্বভাবসুলভ ভঙ্গিতে খেলে গেলেও আফ্রিদি ছিলেন স্বভাববিরুদ্ধ। অর্থাৎ শুরুতে নিজেকে কিছুটা গুটিয়ে রেখেছিলেন এই হার্ডহিটার। কিন্তু দিন যতই গড়িয়েছে পাল্লা দিয়ে বেড়েছে তার তাণ্ডব। দিনশেষে অপরাজিত অবস্থায় যখন প্যাভিলিয়নে ফেরেন তখন তার নামের পাশে লেখা হয়েছে ৮৫ রান। ৮৪ বলে ১১টি বাউন্ডারি এবং তিনটি ছক্কায় সাজানো ছিল আফ্রিদির ইনিংস। আর অধিনায়ক ইনজামামও ১২২ বলে নয়টি চারে ৭৯ রান করে অপরাজিত রয়েছেন।
আরপি সিংয়ের তিন উইকেট শিকার ছাড়াও পাকিস্তানের পতন হওয়া অপর উইকেট তুলে নিয়েছেন জহির খান। তবে মূল ঝড়টা গেছে দুই স্পিনার- হরভজন সিং এবং অনিল কুম্বলের ওপর দিয়ে। হরভরজন ২১ ওভারে ৭৫ এবং কুম্বলে ২২ ওভারে ৯২ রান খরচ করলেও কোন উইকেটের দেখা পাননি।
