২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ক্রিকেটের সুপার সিক্স পর্বে ডিওএইচএস’র শুভ সূচনা

একটেল প্রিমিয়ার ক্রিকেট লিগে শুক্রবার থেকে শুরু হওয়া সুপার সিক্স পর্বে ওল্ড ডিওএইচএস শুভসূচনা করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2006, 08:41 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

প্রথম পর্বে শীর্ষে থাকা ডিওএইচএস ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে দুই উইকেটে পরাজিত করে।

এ জয়ের ফলে লিগ পয়েন্ট টেবিলে ডিওএইচএস’র সংগৃহিত পয়েন্ট হল ২২। আর ব্রাদার্স ইউনিয়নের সংগ্রহ ১২ পয়েন্ট।

দিনের অপর খেলায় সোনারগাঁও ক্রিকেটার্স সাত রানে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব ১৩ রানে বাংলাদেশ বিমানকে হারিয়েছে।

ডিওএইচএস বনাম ব্রাদার্স ইউনিয়ন

ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৭৯ রান সংগ্রহ করে।

মার্শাল আইয়ুব মাত্র ৮২ বলে ছয়টি চার ও চারটি বিশাল ছক্কার সহায়তায় দলীয় সর্বোচ্চ ১০২ রান করেন।

ব্রাদার্সের পাকিস্তানি রিক্রুট রাশেদ হানিফ ছয়টি চার ও দুই ছয়ের সহায়তায় ৮৩ বলে ৬১ রান করেন।

চতুর্থ উইকেট জুটিতে হানিফ-আইয়ুব ২২ ওভার দুই বল মোকাবেলা করে ১৩৪ রান সংগ্রহ করেন।

জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান নাফিস ইকবাল ৫৫ বলে সাতটি চার ও একটি ছয়ের সহায়তায় ৪২ রান করেন।

ডিওএইচএস’র স্পিনার আব্দুর রাজ্জাক রাজ ৬৮ রান দিয়ে পাঁচ উইকেট লাভ করেন। এছাড়া শাফাক আল জাবির ও খালেদ মাহমুদ প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।

জবাবে ব্যাট করতে নেমে ডিওএইচএস ৪৬ ওভার চার বল খেলে আট উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ ৬৬ বলে অপরাজিত ৭১ রান করেন।

দলের স্কোর যখন ২৫ ওভারে পাঁচ উইকেটে ১৩৪, খালেদ মাহমুদ তখন ক্রিজে আসেন।

নবম উইকেট জুটিতে মাহমুদ-রাজ ৯২ রান সংগ্রহ করেন। রাজ ২৭ বলে এক ছক্কা ও এক চারের সহায়তায় ২৪ রান করেন।

এছাড়া কেনিয়ার স্টিভ টিকোলো ৩৯ বলে ৪১ ও মানজারুল ইসলাম ২৯ রান করেন।

ব্রাদার্স ইউনিয়নের বোলারদের মধ্যে জিয়াউর রহমান ৪৯ রানে তিন উইকেট লাভ করেন। এছাড়া এনামুল হক জুনিয়র ও রাশেদ হানিফ প্রত্যেকে দু’টি করে উইকেট লাভ করেন।

সোনারগাঁও ক্রিকেটার্স বনাম ভিক্টোরিয়া ক্লাব

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) মাঠে অনুষ্ঠিত খেলায় সোনারগাঁও ক্রিকেটার্স মাত্র সাত রানে ভিক্টোরিয়া ক্লাবকে হারিয়েছে।

প্রথমে ব্যাট করতে নেমে সোনারগাঁও ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করেন।

দলের পক্ষে জাতীয় দলের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান আল শাহরিয়ার রোকন ৮৩ বলে ৬৭ রান করেন। তার ইনিংসে ছিল নয়টি চার ও একটি ছয়ের মার।

জাতীয় দলের বর্ষীয়ান অলরাউন্ডার মোহাম্মদ রফিক ৪৯ বলে ৪৪ রান করেন।

ভিক্টোরিয়ার পক্ষে ওয়াসকুরুনি পলাশ ও জাফর কোরেশী যথাক্রমে ৫৯ ও ৩৮ রানের বিনিময়ে তিনটি করে উইকেট লাভ করেন।

জয়ের জন্য ২৫৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়া নির্ধারিত ৫০ ওভারের তিন বল বাকি থাকতেই ২৪৫ রানে অলআউট হয়ে যায়।

দলের পক্ষে জাফর কোরেশী দলীয় সর্বোচ্চ ৫৭ রান করেন। নাসিরুদ্দিন ফারুক  ৬২ বলে ৫২ রান করেন। এছাড়া সুপার-সাব লিটন আট নম্বরে ব্যাট করতে নেমে ৩২ রান করেন।

ইলিয়াস সানি ও রোজিন প্রত্যেকে তিনটি করে এবং তাপস বৈশ্য দু’টি উইকেট লাভ করেন।

লিগ পয়েন্ট টেবিলে সোনারগাঁও ও ভিক্টোরিয়া উভয়েরই সংগ্রহ ১৬ পয়েন্ট।

মোহামেডান বনাম বিমান

প্রথমে ব্যাট করে মোহামেডান স্পোর্টিং ক্লাব সবক’টি উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করে।

জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশার ১২৭ বল মোকাবেলা করে আটটি চারের সহায়তায় অপরাজিত ৮৫ রান করেন।

তৃতীয় উইকেট জুটিতে বাশার-হান্নান সরকার ১৪৮ রান সংগ্রহ করেন। হান্নান ১২১ বল মোকাবেলায় আটটি চারের সহায়তায় ৭৯ রান করেন।

জাতীয় দলের উইকেট রক্ষক খালেদ মাসুদ মাত্র ৩২ বলে ৪৫ রান করেন।

বিমানের পক্ষে রাসেল, শরীফ, বাবু এবং মুশফিক প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।

জবাবে ব্যাট করতে নেমে বিমান ৫০ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে ২৩৩ রান করতে সমর্থ হয়।

দলের পক্ষে শাহরিয়ার হোসেন ৮৬ বলে ৬৭ এবং জাভেদ ওমর ৯৯ বলে ৬২ রান করেন। এছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান নাজমুস সাদাত ৪৬ রান করেন।

বিজয়ী দলের পক্ষে মঞ্জুরুল ইসলাম ৩৫ রানে দুই উইকেট লাভ করেন।

পয়েন্ট টেবিলে মোহামেডানের সংগ্রহ ১৬ ও বিমানের সংগ্রহ ১৪ পয়েন্ট।